‘ভুয়া ব্যয়’ দেখিয়ে ভাড়া বাড়িয়েছেন মালিকরা: যাত্রী কল্যাণ সমিতি
ডিজেলের দাম বাড়ানোর পর সরকারকে ‘ভুয়া ব্যয়’ দেখিয়ে পরিবহন মালিকরা ‘একচেটিয়াভাবে’ ভাড়া বাড়িয়েছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি।
শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে এমন অভিযোগ করেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, “তেলের দাম বাড়ানোর সাথে সাথে পরিবহন মালিকরা ধর্মঘটের নামে যাত্রীদের জিম্মি করে ভাড়া বাড়ানোর নাটক করে। পরে সরকারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে ভুয়া ব্যয় বিশ্লেষণ করে এক চেটিয়াভাবে ভাড়া বাড়িয়ে নেয়।”
ডিজেলের দাম ২৩ শতাং বাড়ানোর পর পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘটে সারা দেশে জনভোগান্তির তিন দিন পর মালিকদের সঙ্গে বৈঠকে বাস ভাড়া ২৭ শতাংশ এবং লঞ্চের ভাড়া ৩৫ শতাংশ বাড়ায় সরকার।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব অভিযোগ করেন, সরকার যে হারে ভাড়া বাড়িয়েছে তার চেয়ে বেশি ভাড়া আদায় করছেন মালিকরা। এতে যাত্রীরা বাস মালিকদের কাছে অসহায় হয়ে পড়েছে।
আগের উদাহরণ তুলে ধরে তেলের দামের সঙ্গে সঙ্গতি রেখে পরিবহনের ভাড়া বাড়ানো কিংবা কমানো হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
মোজাম্মেল হক বলেন, “২০১৬ সালে সরকার তেলের দাম লিটারে তিন টাকা করে কমালেও বাস ভাড়া কমিয়েছে কিলোমিটারে তিন পয়সা করে। কিন্তু ভাড়া বাড়িয়েছিল ২৭ পয়সা করে।”
মানববন্ধনে তেলের দাম বাড়ানোর ‘অজুহাতে’ গণপরিবহনে ভাড়া বৃদ্ধির নৈরাজ্য বন্ধ করার আহ্বান জানানো হয়। সেইসঙ্গে নতুন করে ভাড়া নির্ধারণের দাবি জানিয়ে এ সংক্রান্ত বৈঠকে পরিবহন শ্রমিকদের সংখ্যার অনুপাতে যাত্রী প্রতিনিধি রাখার কথা বলা হয়।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সৈয়দ মোকতার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ন্যাপের সাংগঠনিক সম্পাদক মিটুল দাশ গুপ্ত, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক এসএম সাইফুল্লাহ, মো. জাফর, নোমান উল্লাহ বাহার, নেছার আহমেদ খান।
আরও পড়ুন
