২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইগার পাসের সৌন্দর্য রক্ষায় সিডিএকে ৫ প্রস্তাব

বন্দর নগরীর টাইগার পাসের সৌন্দর্য রক্ষায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংশোধনের জন্য বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) পাঁচ প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2021, 11:14 PM

Updated : 02 Aug 2022, 06:15 PM

বৃহস্পতিবার সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষকে এক চিঠি দিয়ে এসব প্রস্তাব দেয়।

চিঠিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শুরুর প্রান্ত লালখান বাজারের পরিবর্তে দেওয়ানহাট ফায়ার সার্ভিস কার্যালয় অতিক্রম করে মিঠাগলির কাছে সুবিধাজনক স্থানে করার প্রস্তাব দেওয়া হয়েছে।

পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ের মিডিয়ান লালখান বাজারে আখতারুজ্জামান ফ্লাইওভারের মিডিয়ানের সঙ্গে সংযুক্ত করে গ্রাউন্ড লেভেলে উভয় ফ্লাইওভারের সংযোগ দেওয়া, দেওয়ানহাট ওভারব্রিজের সম্প্রসারণ এবং পাহাড় সংরক্ষণ করে লালখান বাজার হতে টাইগার পাস অংশের সড়ক পথের সুবিধামত সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়।

পাঁচটি প্রস্তাবের মধ্যে তৃতীয়টি হল- টাইগার পাস মোড়ের রাইট টার্ন ট্রাফিক এবং পলোগ্রাউন্ড হতে আমবাগানমুখী যান চলাচলের জন্য পলোগ্রাউন্ড রোড থেকে আমবাগান রেল পুলিশ অফিসের সামনের সড়কের সঙ্গে দেওয়ানহাট ওভারব্রিজের নিচ দিয়ে রেললাইনের উত্তর পাশের খালি জায়গা দিয়ে বিকল্প বাইপাস সড়ক নির্মাণ।

এর আগেও দুই দফায় ১৬ জুন এবং ৭ জুলাই সিসিসি এ বিষয়ে সিডিএকে চিঠি দিয়েছিল।

নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত চার লেইনের এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে সাড়ে ১৬ কিলোমিটার। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি এর নির্মাণ কাজ উদ্বোধন হয়।

টাইগার পাস থেকে লালখান বাজার পর্যন্ত অংশে মূল সড়কের দু’পাশে থাকা পাহাড়ের সৌন্দর্য অক্ষুন্ন রাখতে ওই অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ না করার দাবিতে সোচ্চার বিভিন্ন সংগঠন।

টাইগার পাসের সৌন্দর্য রক্ষায় এক্সপ্রেসওয়ে সরানোর দাবি  

সবশেষ ২২ অগাস্ট চট্টগ্রাম ঐতিহ্য রক্ষা পরিষদ টাইগার পাস- লালখান বাজার অংশে সড়কের দু’পাশের পাহাড়ের সৌন্দর্য রক্ষায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংশোধনের দাবি জানায়।

এরআগে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামও বিকল্প প্রস্তাব তুলে ধরে লালখান বাজারের পরিবর্তে দেওয়ানহাট ব্রিজের দক্ষিণ প্রান্তে এক্সপ্রেসওয়ে শুরুর প্রান্ত রাখতে বলে।

তবে সিডিএ জানায়, পাহাড়ের সৌন্দর্য অক্ষুন্ন রাখতে দেওয়ানহাট-লালখান বাজার অংশে চার লেনের পরিবর্তে দু’লেনের এক্সপ্রেসওয়ে হবে। এখনও তারা সে সিদ্ধান্তে অনড় আছে।