২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইগার পাসের সৌন্দর্য রক্ষায় এক্সপ্রেসওয়ে সরানোর দাবি

চট্টগ্রাম নগরীর টাইগার পাসের সৌন্দর্য রক্ষায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংশোধনের দাবি জানিয়েছে একটি সংগঠন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2021, 07:31 PM

Updated : 02 Aug 2022, 06:14 PM

চট্টগ্রাম ঐতিহ্য রক্ষা পরিষদ নামের সংগঠনটি রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে পরিষদের চেয়ারম্যান সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, “পরিবেশ-প্রকৃতি এবং ইতিহাস-ঐতিহ্য রক্ষার একান্ত তাগিদ থেকে দাবি জানাই, টাইগার পাসের প্রকৃতি প্রদত্ত অপরূপ নান্দনিক সৌন্দর্য যেন ইট-পাথরের কংক্রিটের নিচে ঢেকে না পড়ে।”

এক্সপ্রেসওয়ের টাইগারপাস মোড় থেকে লালখান বাজার পর্যন্ত অংশটুকু প্রকল্প থেকে বাদ দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১২ অক্টোবর চট্টগ্রাম সফরকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা দেন।

এরপর ২০১৭ সালের ১১ জুলাই একনেক সভায় ৩ হাজার ২৫০ কোটি ৮৩ লাখ টাকার এ প্রকল্প যখন অনুমোদন পায়, তখন তিন বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য ধরা হয়।

লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত চার লেইনের এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে সাড়ে ১৬ কিলোমিটার। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) প্রকল্পটি বাস্তবায়ন করছে।

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে: প্রকল্প বিলম্বিত, দুর্ভোগও দীর্ঘায়িত  

টাইগার পাস থেকে লালখান বাজার পর্যন্ত অংশে মূল সড়কের দু’পাশে থাকা পাহাড়ের সৌন্দর্য অক্ষুন্ন রাখতে ওই অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ না করার দাবিতে সোচ্চার বিভিন্ন সংগঠন।

গত ১৬ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) চিঠি দিয়ে সিডিএকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শুরুর প্রান্ত লালখান বাজারের পরিবর্তে টাইগার পাসে করার দাবি জানায়।

এরপর পরিকল্পিত চট্টগ্রাম ফোরামও বিকল্প প্রস্তাব তুলে ধরে লালখান বাজারের পরিবর্তে দেওয়ানহাট ব্রিজের দক্ষিণ প্রান্তে এক্সপ্রেসওয়ে শুরুর প্রান্ত রাখতে বলে।

তবে সিডিএ জানায়, পাহাড়ের সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে দেওয়ানহাট-লালখান বাজার অংশে চার লেইনের পরিবর্তে দুই লেইনের এক্সপ্রেসওয়ে হবে।

এখনও তারা সে সিদ্ধান্তে অনড় আছে।

সোমবারের সংবাদ সম্মেলনে এক্সপ্রেসওয়েটি দেওয়ানহাট ব্রিজের দক্ষিণ প্রান্তে শেষ করার প্রস্তাব দিয়ে মাহমুদুল ইসলাম বলেন, “তাহলে ঐতিহ্যের টাইগারপাস যেমন রক্ষা পাবে তেমনি ১০০০ কোটি টাকার মতো প্রকল্প ব্যয়ও সাশ্রয় হবে।”

বিকল্প প্রস্তাব দিয়ে বলা হয়, দেওয়ানহাট মোড় থেকে নৌবাহিনী সিনেমা হলের পাশ দিয়ে যে পুরানো রাস্তাটি আছে (দেওয়ানহাট ব্রিজ হওয়ার পর যেটি বন্ধ রাখা হয়েছে) তা আবার চালু করে সেখানে রেললাইনের উপর ওভারপাস তৈরি করলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে যানবাহন এই ওভারপাস ব্যবহার করে টাইগার পাস অতিক্রম করবে।

বিদ্যমান রেলওয়ে ব্রিজটির (দেওয়ানহাট ব্রিজ) যেহেতু মেয়াদোত্তীর্ণ তা ভেঙে সেখানেও নতুন করে আর একটি ওভারপাস তৈরির প্রস্তাব করেন মাহমুদুল ইসলাম।

তিনি বলেন, “বর্তমান পরিকল্পনা অনুযায়ী এলিভেটেড এক্সপ্রেসওয়ে যদি টাইগার পাসের ওপর দিয়ে নিয়ে যাওয়া হয় তা হবে খুবই বিপজ্জনক। কেননা ধনিয়ালাপাড়া থেকে মনসুরাবাদের দিকে যে ফ্লাইওভারটি গেছে, তার উপর দিয়ে আনতে হবে লালখান বাজারমুখী এক্সপ্রেসওয়েটি।

“এতে এটি আনতে হবে ৮০ ফুট উচ্চতায়। ব্যস্ততম এই রুটে যেখান দিয়ে বন্দর থেকে পণ্যবাহী যানবাহনও চলাচল করে সেসব যান এত উঁচুতে উঠতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হবে। ব্যস্ততম রুটে যান চলাচল বারেবারে বিঘ্নিত হবে। আর ভারী যানবাহনই যদি চলাচল না করতে পারে তাহলে সেই এক্সপ্রেসওয়ে কেন?”

সংবাদ সম্মেলনে ঐতিহ্য রক্ষা পরিষদের সদস্য সচিব সাংবাদিক জসীম চৌধুরী সবুজ বলেন, “চট্টগ্রামের প্রাচীন রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক সকল ঐতিহ্য রক্ষায় পরিষদ সোচ্চার থাকবে। তবে এই মূহুর্তে টাইগারপাসকে আদিরূপে রক্ষা করাটা চট্টগ্রামবাসীর নৈতিক দায়িত্ব। আশা করছি সরকার গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনায় নেবে।”

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পরিষদের কো-চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান ও প্রকৌশলী সুভাষ বড়ুয়া।