হেফাজতের ফারুকের জামিন নাকচ
হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরীর (সদ্য প্রয়াত) ব্যক্তিগত সহকারী ইনআ’মুল হাসান ফারুকীর জামিন আবেদন নাকচ করেছে আদালত। ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে।
ইন’আমুল হাসান ফারুকী
চট্টগ্রাম জেলা আদালতের পিপি আ ক ম সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাশকতার তিনটি মামলায় জামিনের আবেদন করা হলে আমরা বিরোধিতা করি। আদালত আবেদন নামঞ্জুর করেছেন।”
গত ২১ মে রাতে হাটহাজারীর ফতেয়াবাদ বড় দিঘীর পাড় এলাকা থেকে র্যাবের হাতের গ্রেপ্তার হন উপজেলা হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক ফারুকী।
তিনি হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফী হত্যা মামলারও আসামি। ওই মামলায় বাবুনগরীও আসামি ছিলেন, যিনি সম্প্রতি মারা যান।
ফারুকী বাবুনগরীর পক্ষ থেকে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখতেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও হরতাল থেকে গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন স্থানে সহিংসতা ঘটে।
হাটহাজারীতে থানা আক্রমণ, ভূমি অফিসে ভাংচুর, ডাক বাংলোতে হামলাসহ বিভিন্ন সহিংস ঘটনায় পুলিশ একাধিক নাশকতার মামলা করেছে।
এসব মামলায় এখন পর্যন্ত হেফাজতের আগের কমিটির একাধিক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। হাটহাজারীতে নাশকতার তিন মামলায় ফারুকীকে একাধিকবার রিমান্ডে নেয় পুলিশ।
