শোক দিবস উপলক্ষে চট্টগ্রামে ত্রাণ বিতরণ
পঁচাত্তরের ১৫ অগাস্টের পর একাত্তরের পরাজিত অপশক্তির দোসররা আবার পাকিস্তান কায়েম হবে ভেবেছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
রোববার জাতীয় শোক দিবস উপলক্ষে পাহাড়তলী থানা আওয়ামী লীগ আয়োজিত ত্রাণ বিতরণ ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পাহাড়তলি সিডিএ মার্কেট চত্ত্বরে এ সভায় তিনি বলেন, “বঙ্গবন্ধুকে পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করে একাত্তরের পরাজিত অপশক্তির দোসররা ভেবেছিল আবার পাকিস্তান কায়েম হবে। সেদিন যা ঘটেছিল তা একটি পৃথিবীর জঘন্যতম অপরাধ।
“এই অপরাধকে আড়াল করতে হত্যাকারীদের অপরাধের দায়মুক্তি জন্য রাতারাতি ইনডেমিনিটি আদেশ জারি হয়। জিয়াউর রহমান এটিকে আইন সিদ্ধ করেন এবং হত্যাকারীদের পুর্নবাসিত ও পুরস্কৃতও করেন। এই অপপ্রয়াস ইতিহাসের পাপবিদ্ধ অধ্যায়।”
নাছির বলেন, “কখনও কখনও শোক শক্তির উৎস হয়। শোককে শক্তিতে পরিণত করতে পেরেছি বলেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এবং দাঁড়াবেই। এই অভিশাপ মোচনে আগে দলের এবং আমার, আপনার ও সকলের আত্মশুদ্ধি প্রয়োজন। ইতিহাস বিকৃতিতে পাপবিদ্ধদের শোধন চাই।”
প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “বঙ্গবন্ধু যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন তা শোষিত মানুষের বাসযোগ্য ভূমির জন্য। শুধু ভৌগলিক স্বাধীনতা জাতির জন্য যথেষ্ট পরিচয় নয়, মূল লক্ষ্য সাম্য-মৈত্রী- শান্তি ও প্রগতির জয়যাত্রা রচনা করা।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সে আরাধ্য জয়যাত্রার নেতৃত্ব দিচ্ছেন। এবারের জাতীয় শোক দিবস ভিন্নমাত্রায় এসেছে। এটা হলো করোনাকালের দুর্যোগ-দুর্বিপাক মোকাবেলা করে সুন্দর একটি আগামীর প্রত্যাশা।”
পাহাড়তলী থানা আওয়ামী লীগ সভাপতি নুরুল আবছার মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর আহমদ মাসুমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নগর কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য শফর আলী, থানা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আসলাম হোসেন প্রমুখ।
