২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির স্থগিত পরীক্ষাগুলো ১৬ অগাস্ট থেকে নেওয়ার সিদ্ধান্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের স্থগিত পরীক্ষাগুলো ১৬ অগাস্ট থেকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2021, 06:05 PM

Updated : 02 Aug 2022, 06:12 PM

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বুধবার এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) সৈয়দ মনোয়ার আলী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৬ অগাস্ট থেকে পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেবে।”

অ্যাকাডেমিক রেজিস্ট্রার মনোয়ার বলেন, সভায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হলেও আবাসিক হলগুলো বন্ধ থাকবে। সেক্ষেত্রে বিভাগগুলো সংশ্লিষ্ট অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে তারিখ ঘোষণা করবে। যাতে পরীক্ষায় শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা যায়। 

এদিকে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি ও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ দীর্ঘায়িত হলে অনলাইনে পরীক্ষা নেওয়ার ‘অর্ডিন্যান্স’ প্রণয়নেরও সিদ্ধান্ত হয় বুধবারের অ্যাকাডেমিক কমিটির সভায়।

ডেপুটি রেজিস্ট্রার মনোয়ার বলেন, অনলাইনে ক্লাস ও পরীক্ষা পদ্ধতি এবং উত্তরপত্র মূল্যায়ন কিভাবে হবে, তা বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সভাপতি ও পরিচালকরা প্রস্তাবনা ঠিক করে ১২ সেপ্টেম্বরের মধ্যে অনুষদের ডিনকে জানাবেন।

ডিনরা সে প্রস্তাব ৩০ সেপ্টেম্বরের মধ্যে অর্ডিন্যান্স প্রণয়ন কমিটিকে জানাবেন বলে সভায় সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে জানান তিনি।