বঙ্গবন্ধুর রাজনৈতিক সত্তায় একাকার হয়ে আছেন বঙ্গমাতা: নাছির
বঙ্গবন্ধুর রাজনৈতিক সত্তার সঙ্গে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব একাকার হয়ে আছেন বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
রোববার শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রোববার সকালে দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল শেষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে বঙ্গমাতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “শেখ ফজিলাতুন নেছ মুজিব ত্যাগ, শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠার প্রতীক। তিনি আওয়ামী লীগের কঠিন দুঃসময়ে কারান্তরীণ বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সংসারের হাল ধরে সন্তানদের মানুষ করার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝে সাহস ও প্রেরণা যুগিয়ে ছিলেন।
“তাই তিনি একজন মমতাময়ী নারীই শুধু নন, দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ে সাহসী সম্মুখ যোদ্ধা এবং বাঙালির সকল অর্জনের নেপথ্যের অগ্রসারথী।”
সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, “শেখ ফজিলাতুন নেছা বঙ্গবন্ধুর আদর্শিক সহচর এবং সকল শুভকর্মের মন্ত্রণাদাত্রী। বঙ্গবন্ধু যখনই কোনো রাজনৈতিক ও সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছেন তখন তিনি ছিলেন একজন পরামর্শক।
“৭ মার্চের ভাষণ কিভাবে দেবেন এবং কি বলবেন সে ব্যাপারে অনড় ও অটল থাকতে বঙ্গবন্ধুকে তাড়িত করেছিলেন তিনি। সর্বোপরি আইয়ুবের গোলটেবিলে প্যারোলে মুক্তি না নেয়ার পক্ষে বেগম মুজিবের দৃঢ় অবস্থানে বঙ্গবন্ধু সহমত পোষণ করে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক সত্তার সাথে ফজিলাতুন্নেছা মুজিব একাকার হয়ে আছেন।”
নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নগর কমিটির সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শফর আলী ও শেখ মো. ইছহাক, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য সম্পাদক চন্দন ধর, পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ প্রমুখ।
