চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগ নেত্রী তপতী সেনগুপ্তের মৃত্যু
চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদক তপতী সেনগুপ্ত মারা গেছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর।
নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।”
ফারুক জানান, তপতী সেনগুপ্তের তিন ছেলের মধ্যে একজন বিদেশে আছেন। তাই শেষকৃত্যের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
তার মৃত্যুতে শোক জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এক বিবৃতিতে বলেন, “সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। তিনি ছিলেন নেতাকর্মীদের অকৃত্রিম বন্ধু। উনার মৃত্যুতে নগরবাসী একজন নির্লোভ ও সাদামাটা মানুষকে হারাল।”
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন শোক বার্তায় বলেন, দুঃসময়ে দলের রাজনীতিতে সাহসী কর্মী ছিলেন তপতী সেনগুপ্ত।
শোক জানিয়ে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, “চট্টগ্রামের যে কোনো আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি। তার মৃত্যুতে চট্টগ্রাম এক সাহসী নেত্রীকে হারাল।”
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন শোক বার্তায় বলেন, “চট্টগ্রামে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে তপতী সেনগুপ্ত ছিলেন সক্রিয়। দল ও দলের নেতাকর্মীদের প্রতি উনার স্নেহ ভালোবাসা ছিল অকৃত্রিম।
“দুর্দিনে তিনি সাহসী ভূমিকা পালন করেছিলেন। উনাকে হারিয়ে সংগঠনের অপূরণীয় ক্ষতি হল।”
