ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেখে ডিসির সন্তোষ
ফটিকছড়ি উপজেলায় ‘আশ্রয়ণ-২ প্রকল্পের’ অধীনে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পরিদর্শন করে সন্তোষ জানিয়েছেন চট্টগ্রামের ডিসি মোহাম্মদ মমিনুর রহমান।
শনিবার ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ও নির্মাণাধীন ঘরগুলোর গুণগত মান যাচাইয়ে জেলা প্রশাসনের একটি দল ফটিকছড়িতে যায়।
ফটিকছড়ি পৌরসভায় ৮০টি এবং পাইন্দং ইউনিয়নের ১৮৮টি গৃহ নির্মাণের কাজ পরিদর্শন শেষে কাজের গত মান নিয়ে সন্তুষ্টির কথা জানান মমিনুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঘরগুলো ঘুরে দেখেছি। ঘর নির্মাণে স্থান নির্বাচন, উপকারভোগী নির্বাচন এবং কাজের গুণগত মান সন্তোষজনক। চট্টগ্রামে নির্মিত ঘরগুলো সবই ভালো হয়েছে। আপনারাও ঘুরে দেখতে পারেন।”
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে সারাদেশের ভূমিহীন ও গৃহহীন ৮ লাখ ৮৫ হাজার ৬২২টি পরিবারের তালিকা করে তাদের জমিসহ ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম, অবহেলা ও অর্থ আত্মসাৎকারীদের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতিতে এগুচ্ছে সরকার। অভিযোগ তদন্ত করে এরইমধ্যে পাঁচজন সরকারি কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।
ডিসি বলেন, “সারাদেশে দুই লাখ ৩৩ হাজার ঘরের মধ্যে হাতে গোনা কয়েকটি, যেগুলো চরাঞ্চলে, নদীর পাড়ে, খালের পাড়ে বা বালি ভরাট করে বানানো হয়েছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেরকম ঘর আমাদের জেলায় নেই।”
আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর পরিদর্শন শেষে নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানান ডিসি।
গত ২৩ জানুয়ারি ফটিকছড়ি উপজেলার ৭০টি ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়। প্রথম ধাপে পাইন্দং এ ২৬টি, কাঞ্চননগরে ১০টি, সুয়াবিলে ২২টি এবং ভূজপুরে ১২টিসহ মোট ৭০টি ঘর জমিসহ হস্তান্তর করা হয়।
উপজেলায় প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপে ৫৩০টি পরিবারকে পুনর্বাসন করা হবে। দ্বিতীয় ধাপে খিরামে ৯৫, পাইন্দং এ ২০৭টি, নারায়ণহাটে ১০টি, বাগানবাজারে ৩০টি, ধর্মপুরে ১৫টি, ভূজপুরে ৭৫টি, সুয়াবিলে ১৩টি, রোসাংগিরীতে ৫টি এবং ফটিকছড়ি পৌরসভায় (দক্ষিণ রাঙ্গামাটিয়া) ৮০টি গৃহ নির্মাণ কাজ প্রায় শেষের পথে।
উপকারভোগীদের জন্য সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে প্রকল্প এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় গভীর নলকূপ ও পল্লী বিদ্যুৎ সমিতির সহায়তায় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।
প্রকল্পে মসজিদ বা ধর্মীয় স্থান, কবরস্থান, বিদ্যালয় ও খেলার মাঠের জন্য আলাদা আলাদা জায়গা রাখা হচ্ছে। প্রকল্প এলাকায় যাতায়াত ব্যবস্থা সুগম রাখার জন্য উপজেলা পরিষদের উদ্যোগে রাস্তা নির্মাণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
