ব্রাজিল- আর্জেন্টিনা ফাইনাল: চট্টগ্রামেও থাকবে অতিরিক্ত পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ার পর ব্রাজিল ও আর্জেন্টিনার ফাইনাল নিয়ে অতিউৎসাহীদের উম্মাদনা রোধে বন্দরনগরী চট্টগ্রামেও অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা জানিয়েছে সিএমপি।
শনিবার রাতে চট্টগ্রাম নগর পুলিশের এক বার্তায় আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সতকর্তার পাশাপাশি দুদলের সমর্থকদের 'উস্কানীমূলক আচরণ' থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে।
কোপা আমেরিকার ফাইনালে এবার মুখোমুখি হচ্ছে দুই জনপ্রিয় দল ব্রাজিল ও অর্জেন্টিনা। রোববার বাংলাদেশ সময় ভোর ছয়টায় খেলা শুরু হবে।
এর আগে গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে খেলা নিয়ে তর্কের জেরে নোয়াব মিয়া (৬০) নামে এক ব্যক্তি মারধরে নিহত হন।
এই জেলায় দুই গ্রুপের মধ্যে সংর্ঘষে কয়েক জনের আহত হওয়ার ঘটনাও দেশজুড়ে আলোচনা তৈরি করেছে।
নতুন অপ্রীতিকর ঘটনা এড়াতে ফাইনালের আগে জেলাটিতে ৫০০ অতিরিক্ত পুলিশ মোতায়নের কথা ঘোষণা দেয় জেলা পুলিশ; করা হয় সতর্কতামূলক মাইকিংও।
বাংলাদেশের জনগণের কাছে এই দুই ফুটবল দল তুমুল জনপ্রিয়।
বিশ্বকাপ ফুটবলসহ বিভিন্ন আয়োজনে দেশের দর্শকরা বলতে গেলে ব্রাজিল ও আর্জেন্টিনায় বিভক্ত হয়ে পড়ে। বিভিন্ন সময়ে এ নিয়ে অপ্রীতিকর ঘটনার খবরও আসে।
এবারও ব্রাহ্মণবাড়িয়ায় উভয় দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার রাতে এমন প্রেক্ষাপটে চট্টগ্রাম নগর পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, "অন্যান্য খেলার মত ফুটবল খেলাও একটি নিছক বিনোদনের অংশ মাত্র। তাই খেলার হার-জিতকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তৈরি করা হবে আইন শৃঙ্খলার পরিপন্থি আচরণ। এতে নগরীর জনসাধারণের জানমালের নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে।"
বিষয়টির গুরুত্ব বিবেচনা করে নগরবাসীর নিরাপত্তায় ইতোমধ্যেই নগরীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন:
