২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রকে ‘যৌন নিপীড়ন’, চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নগরীর একটি হেফজখানায় শিশু শিক্ষার্থীকে ‘যৌন নিপীড়নের’ অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2021, 10:31 PM

Updated : 02 Aug 2022, 05:49 PM

গ্রেপ্তার মো. মিজানুর রহমান (২৪) চট্টগ্রামের বায়েজীদ বোস্তামি থানার রুবি গেট এলাকায় ‘রুবি গেট পাকপাঞ্জাতন’ হেফজখানার শিক্ষক।

তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী থানার টাইম বাজার ইউনিয়নে।

অসুস্থ ছেলে শিশুটিকে (১১) ‍উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ) মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিজানুর রহমান ওই হেফজখানায় যোগদানের পর গত বছরের ৯ অক্টোবর রাতে নিজকক্ষে ডেকে নিয়ে ওই শিশুকে প্রথম ‘যৌন নিপীড়ন’ করেছিল।

“এরপরও বিভিন্ন সময় এরকম করে বলে শিশুটির পরিবার জানিয়েছে। সর্বশেষ মঙ্গলবার রাতেও শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে আবার যৌন নিপীড়ন করে।”

বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার শিশুটির মা হেফজখানায় গিয়ে এ ঘটনা জানতে পেরে স্থানীয়দের জানায়। এলাকার লোকজন নিয়ে মিজানুরকে আটক করে থানায় খবর দেয়।

“পরে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার করে। ওই হেফজখানায় ৩৪ জন শিক্ষার্থী লেখাপড়া করে।“

এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।

মাদ্রাসা শিক্ষককে আদালতে হাজির করে রিমান্ডে চাওয়া হবে বলে জানান ওসি।

পুরনো খবর:

ধর্ষণ চেষ্টা: চট্টগ্রামে যুবক গ্রেপ্তার