২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাটের নিচে লাশ, হত্যার ‘স্বীকারোক্তি’ দিলেন মামাতো ভাইয়ের স্ত্রী

‘পরকীয়া প্রেমের সম্পর্ক’ টিকিয়ে রাখতে ‘ব্ল্যাকমেইল’ করা শুরু করেছিলেন চট্টগ্রামের স্বর্ণের কারিগর মাধব দেবনাথ, আর তার জের ধরেই মামাতো ভাইয়ের স্ত্রী বিথী দেবনাথ তাকে কৌশলে ‘শ্বাসরোধে হত্যা করেন’ বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2020, 10:05 PM

Updated : 08 Apr 2022, 01:44 AM

শনিবার ভোররাতে টেরিবাজারের আফিমের গলিতে মামাতো ভাই পিন্টু দেবনাথের বাসার খাটের নিচ থেকে ২৪ বছর বয়সী মাধবের লাশ উদ্ধার করা হয়।

প্রায় ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে পিন্টুর স্ত্রী বিথী পুলিশের কাছে সব খুলে বলেন। চট্টগ্রামের মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে রোববার ১৬৪ ধারায় ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি দিয়েছেন তিনি।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকালে মাধবের লাশ উদ্ধারের পর তার বড় ভাই উত্তম দেবনাথ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পিন্টু, তার দুই ভাই, স্ত্রী ও মা-বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

“দীর্ঘসময় জিজ্ঞাসাবাদ শেষে মাধবকে হত্যার বিস্তারিত বর্ণনা দেন বিথী। তখন অন্যদের ছেড়ে দিয়ে বিথী দেবনাথকে আদালতে পাঠানো হয়। সেখানে তিনি জবানবন্দি দেন।”

পুলিশ কর্মকর্তা নোবেল বলেন, “বিথীর সাথে মাধবের পরকীয়া ছিল। বিথী সেখান থেকে ফিরে আসার চেষ্টা করায় মাধব তার (বিথীর) একটি একান্ত ব্যক্তিগত ভিডিও ভুয়া ফেইসবুক আইডি থেকে পিন্টুর কাছে পাঠায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। নিজের সম্মান রক্ষায় বিথী প্রতিশোধ নিতে একাই মাধবকে খুন করে লাশ খাটের নিচে রেখে দেন বলে জানিয়েছেন।”  

আফিমের গলির ওই চার তলা ভবনের নিচ তলার ফ্ল্যাটে মা-বাবা, স্ত্রী ও আর দুই ভাইকে নিয়ে থাকেন পিন্টু দেবনাথ। তার ফুপাতো ভাই মাধব হাজারি গলির একটি গয়নার দোকানে কারিগর হিসেবে কাজ করতেন।

বাসায় পচা দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে শুক্রবার খাটের নিচে মাধবের লাশ আবিষ্কার করেন পিন্টু। পরে তার কাছ থেকে খবর পেয়ে শনিবার ভোর রাতে ওই বাসায় গিয়ে হাত, পা ও মুখ বাধা অবস্থায় মাধবের লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাধব একটা খরচ দিয়ে তার মামাতো ভাইয়ের বাসায় খাওয়ার বন্দোবস্ত করেছিলেন। মাঝে একবার তিনি অসুস্থ হয়ে পড়লে বিথী আর তার শাশুড়ি সেবা-যত্ন করে মাধবকে সারিয়ে তোলেন। তখনই ২২ বছর বয়সী বিথীর সাথে মাধবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা শারীরিক সম্পর্কে গড়ায়।”

গত মার্চ মাসের শেষ দিকে মহামারী শুরু হলে মাধব তার গ্রামের বাড়িতে চলে যান। তবে ইমোতে দুজনের যোগাযোগ ছিল বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন বিথী।

ওসি বলেন, “এই যোগাযোগের মধ্যে মাধব একান্ত ব্যক্তিগত কিছু ছবি চেয়ে বিথীর কাছে আবদার করে, বিথী তা পাঠায়। এদিকে মাধবের কাছ থেকে বিথীর স্বামী পিন্টু ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা শোধ না করায় দুজনের মধ্যে ঝগড়া লাগে। এ নিয়ে পিন্টু ও তার বাবার সাথে মাধবের সম্পর্কের ভাঙন ধরে।”

এক পর্যায়ে পিন্টু টাকা পরিশোধ করে মাধবকে তার বাসায় যেতে নিষেধ করে দেন। বিথীও তখন মাধবের সঙ্গে সম্পর্ক ছিণ্ন করে এড়িয়ে চলা শুরু করেন। তবে মাধব বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেন এবং একান্ত ব্যক্তিগত সেসব ছবি ও ভিডিও ‘ছড়িয়ে দেওয়ার হুমকি দেন’ বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন বিথী।

পুলিশ কর্মকর্তা মহসিন বলেন, “বিথীর নিষেধের পরও একটি ভুয়া ফেইসবুক আইডির মাধ্যমে মাধব তার কাছে থাকা বিথীর ভিডিও পিন্টুর মেসেঞ্জারে পাঠায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা বলা বন্ধ হয়ে যায়।

“স্বামীর কাছে নিজের ভিডিও দেখে বিথী মাধবের কাছে এর কারণ জানতে চায় এবং তার সাথে দেখা করার প্রস্তাব দেয়। মাধব তাকে জানায়, সময় পেলে সে দেখা করবে।”

এর মধ্যে গত বুধবার রাতে টেরিবাজার এলাকায় আগুন লাগলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। উৎসুক জনতার সাথে মাধব এবং পিন্টুর বাবা ও এক ভাই আগুন দেখতে যান। আরেক ভাইকে খাবার নিয়ে পিন্টুর দোকানে যেতে দেখে সুযোগ বুঝে বিথীদের বাসায় যান মাধব।

ওসি বলেন, “জিজ্ঞাসাবাদে বিথী বলেছেন, মাধব তাকে সম্পর্ক রাখতে চাপ দেয় এবং কথা না শুনলে আরও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। বিথী তখন খুন করার কৌশল হিসেবে মাধবকে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। মাধব তাতে রাজি হলে এক পর্যায়ে কৌশলে তার হাত, পা ও মুখ বেঁধে ফেলে বিথী। পরে শ্বাসরোধে তাকে খুন করে খাটের নিচে লাশ রেখে দেয়।”

মাধবকে খুন করার পর তার মোবাইল ফোন থেকে সিম খুলে নিজের মোবাইলে যুক্ত করেন বিথী। এরপর সেখান থেকে বিভিন্ন জনকে এসএমএস পাঠিয়ে বোঝানোর চেষ্টা করেন, ‘বিথী কোনো অন্যায় করেনি’।

সহকারী কমিশনার নোবেল চাকমা বলেন, “হত্যাকাণ্ড ঘটানোর পরও বিথী মানসিকভাবে খুব দৃঢ় ছিল। সে বিভিন্নভাবে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শনিবার রাতে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে এবং মাধবের মোবাইল ফোনের সন্ধান দেয়।”

পরে বিথীকে সঙ্গে নিয়ে গিয়ে পুলিশ মামলার আলামত হিসেবে মাধবের মোবাইল ফোনটি উদ্ধার করে বলে জানান তিনি।

পুরনো খবর:

লাশ পচা গন্ধ জানাল ‍খুনের খবর