২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআরবির জোড়া খুন: লিমনকে জেলেগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সিএরআবির দরপত্র সন্ত্রাসে জোড়া খুন মামলার অন্যতম আসামি সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2020, 06:45 PM

Updated : 18 Aug 2022, 04:03 PM

রোববার রিমান্ড শুনানি শেষে চট্টগ্রাম মহানগর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ এ আদেশ দেন।

নগর পুলিশের সহকারী কমিশনার কাজী সাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্ত্রসহ আটকের ঘটনায় করা মামলায় লিমনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

গত বৃহস্পতিবার গভীর রাতে মেহেদীবাগ এলাকা থেকে লিমন ও সিআরবি এলাকা থেকে পিস্তলসহ তার সহযোগী সজল দাশকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

ওই মামলায় সজল দাশকে দুইদিন রিমান্ডে পেয়েছে পুলিশ।

পরদিন আদালতে হাজির করে লিমনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছিল পুলিশ। আদালত রোববার শুনানির দিন রেখে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।  

২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলের টেন্ডার জমা নিয়ে গোলাগুলিতে জড়ায় কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম লিমনের অনুসারীরা।

এতে এক শিশুসহ বাবরের অনুসারী সাজু পালিত গুলিতে মারা যায়। ওই ঘটনার পর লিমনকে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়।

এই জোড়া খুনের মামলায় ২০১৮ সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দেওয়া অভিযোগপত্রে আসামির তালিকায় দুই নম্বরে রয়েছে লিমনের নাম।

পুরনো খবর:

সিআরবির জোড়া খুন: সাবেক ছাত্রলীগ নেতা লিমন গ্রেপ্তার