সাংবাদিক সারোয়ারকে ফিরে পাওয়ার আন্দোলনে সিইউজে
চট্টগ্রামের নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারের সন্ধানের দাবিতে আন্দোলন শুরু করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
রোববার চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।
সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার গোলাম সারোয়ার বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছে।
অবস্থান কর্মসূচিতে সংবাদিক নেতারা বলেন, দিনেদুপুরে সাংবাদিক নিখোঁজ হওয়ার ঘটনা রাষ্ট্রের জন্য অশনি সংকেত। রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার সামিল।
সিইউজে সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক সবুর শুভর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বিএফইউজের সাবেক সহ-সভাপতি মোস্তাক আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, সাংগঠনিক সম্পাদক এসএম ইফতেখারুল ইসলাম, সিইউজে প্রতিনিধি ইউনিট প্রধান সাইদুল ইসলাম, টিভি ইউনিট প্রধান মাসুদুল হক, আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক জোবায়ের সিদ্দিকী।
কর্মসূচি শেষে সাংবাদিকরা সিএমপি কমিশনারের কার্যালয়ে যান।
এ সময় সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পুলিশের পক্ষ থেকে গোলাম সরোয়ারকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানান এবং দ্রুত সফলতা আসবে বলে আশা প্রকাশ করেন।
