বন্দুকযুদ্ধের নামে হত্যা: মায়ের অভিযোগ তদন্তের নির্দেশ
চট্টগ্রামে বাড়ি থেকে স্কুলছাত্রকে তুলে নিয়ে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে নিহতের মায়ের করা অভিযোগ গ্রহণ করে তা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মহিউদ্দিন মুরাদের আদালতে অভিযোগটি করেন নিহত জয়নাল আবেদীনের মা জোহরা বেগম।
গত বছরের এই ঘটনায় ওসিসহ আট পুলিশ সদস্য, স্থানীয় এক সাবেক ওয়ার্ড কাউন্সিলর, তার সহকারীসহ মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগটি করা হয়।
যে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আদালত গ্রহণ করেছে, তারা হলেন- এসআই গোলাম মোহাম্মদ নাছিম হোসেন, পুলিশের ‘সোর্স’ ফোরকান, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোবারক আলী, তার পিএস শামসু, স্থানীয় ইলিয়াস ও মিঠু কুমার দে।
অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তারা হলেন- বায়েজিদ বোস্তামি থানার সেসময়ের ওসি আতাউর রহমান, এসআই নোমান, এসআই দিপঙ্কর, পুলিশ সদস্য আলাউদ্দিন, কন্সটেবল মাসুদ রানা, স্থানীয় বাসিন্দা হারুন ও লাল সুমন।
২০১৯ সালের ১ সেপ্টেম্বর রাতে আমিন জুট মিল এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ জয়নাল আবেদীন মারা গিয়েছিলেন বলে তখন পুলিশ জানিয়েছিল।
নিহত জয়নালের বিরুদ্ধে লোকজনকে কুপিয়ে জখম করার অভিযোগে দুটি মামলা ছিল বলেও পুলিশ দাবি করেছিল।
সম্প্রতি মারধরের মামলায় অন্য এক আসামি মো. জয়নালকে ‘বন্দুকযুদ্ধে নিহত’ দেখিয়ে অব্যাহতির সুপারিশ করে বায়েজিদ থানার পুলিশ।
তখনই জয়নাল আবেদীনের ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার বিষয়টি আবার গণমাধ্যমে আলোচনায় আসে। এরপর জাতীয় মানবাধিকার কমিশনার নিহত জয়নাল আবেদীনের পরিবারের সাথে যোগাযোগ করে।
এরপর জাতীয় মানবাধিকার কমিশনের সহযোগিতায় আদালতে অভিযোগ নিয়ে গেলেন জোহরা।
আদালতের বেঞ্চ সহকারী মো. হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছয় জনের বিরুদ্ধে তদন্ত করে ২৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে (উত্তর) নির্দেশ দিয়েছেন আদালত। বাকিদের বিষয়ে তদন্তে সম্পৃক্ততার তথ্য পেলে প্রতিবেদন পাওয়ার পর আদালত নির্দেশনা দেবেন।”
জাতীয় মানবাধিকার কমিশনের প্যানেল আইনজীবী অরবিন্দু দাশ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিরা জয়নাল আবেদনীকে তুলে নিয়ে হত্যা করেছে এই অভিযোগে মামলাটি করা হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে জয়নাল আবেদীনের মা জোহরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩১ আগস্ট (২০১৯ সালের) শনিবার রাত ১১টার সময় কাউন্সিলরের পিএস শামসু বাসায় আসে। ছেলেকে জিজ্ঞেস করে, ‘আজকে আমিন জুট মিল এলাকায় মারামারিতে ছিলি?’ আমার ছেলে বলে, সে ওখানে যায়নি। এরপর শামসু চলে যায়। রাত দেড়টায় শামসু ফোন দিয়ে বলে, ‘তোর (জয়নাল) নামে কোনো মামলা নেই’। কেউ ফোন দিলে যেন জয়নাল বাসা থেকে বের না হয়।”
এরপর রাত ৩টায় একটি মাইক্রোবাস, তিনটি পুলিশের জিপ ও দুটি মোটর সাইকেল নিয়ে ২০-৩০ জন পুলিশ সদস্য তাদের বাসায় আসে বলে এজাহারে উল্লেখ করেন জোহরা।
তিনি বলেন, “সিভিল ড্রেসে (সাদা পোশাকে) তারা আমার ছেলেকে মাইক্রোবাসে তুলে ফেলে। অনেক চেষ্টা করলেও পুলিশের কেউ তখন কোনো কথা বলেনি।
“পরদিন সকালে থানায় গিয়ে খোঁজ করলেও ছেলেকে পাইনি। পুলিশ বলে, জয়নাল নামে কাউকে চিনি না। তারা আমাকে থানা থেকে বের করে দেয়। এরপর শামসুকে ফোন দিলে সে টাকা নিয়ে দেখা করতে বলে।”
জোহরা বেগম জানান, পাঁচ হাজার টাকা নিয়ে তিনি শামসুর সঙ্গে দেখা করতে গেলে শামসু তাকে আবারও থানায় যেতে বলেন। বিকেলে তিন ঘণ্টায় থানায় বসিয়ে রেখে নাম-ঠিকানা নিয়ে পাঠিয়ে দেয় পুলিশ। সেসময় শামসু থানার ভেতরে ছিলেন।
ছেলেকে ছাড়াতে সেদিন রাত ৯টায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলীর সঙ্গেও দেখা করেন জোহরা।
তিনি বলেন, “এরপর রাত সাড়ে ১১টায় আবার থানায় গেলে তখন ছেলেকে দেখি। নাস্তা নিয়ে গেলেও থানার লোকজন সেগুলো ছেলেকে দিতে দেয়নি।
“এসময় ওসি গাড়িতে উঠে চলে যায়, কোনো কথা বলেনি। সাড়ে ১২টা পর্যন্ত থানায় থেকে বাসায় চলে আসি।”
জোহরা বেগম বলেন, এরপর রাত ৩টার সময় তিনজন লোক বাসায় এসে জয়নালের বাবাকে বলেন- ‘আপনার ছেলের জন্য রক্ত লাগবে’।
“ভোরে থানায় গিয়ে দেখি সেখানে রক্তমাখা গাড়ি ধোয়া হচ্ছে। থানার লোক বলে মেডিকেলে যাও। মেডিকেলে গিয়ে দেখি আমার ছেলে নাই।”
জোহরা বেগম বলেন, “১ সেপ্টেম্বর (২০১৯) আমি আদালতে যেতে চাইলেও শামসু আমাকে যেতে দেয়নি।
“আমার তিনটা মেয়ে। একটাই ছেলে ছিল। এতদিন হুমকি-ধামকির ভয়ে মামলা করতে পারিনি। মানবাধিকার কমিশন যোগাযোগ করে মামলা করতে বলায় এখন মামলা করেছি।”
