২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কালুরঘাটে নতুন সেতু আগামী বছর

চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর নতুন রেল ও সড়ক সেতুর নির্মাণ কাজ আগামী বছরের প্রথম ভাগে শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2020, 06:20 PM

Updated : 10 Oct 2022, 07:27 PM

বুধবার চট্টগ্রামে কালুরঘাট সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

রেলপথমন্ত্রী সুজন বলেন, “রেল এবং সড়ক (সেতু) একসঙ্গে হবে। সড়কটি হবে প্রায় ১৯ মিটার চওড়া, ডাবল লাইন। একদিক দিয়ে গাড়ি যাবে, একদিক দিয়ে আসবে। আর অর্ধেক অংশে থাকবে রেল।

“আগামী জানুয়ারির মধ্যে বা ফেব্রুয়ারি মার্চ আমরা এর ভিতরে যে দৃশ্যমান কাজ সেটা শুরু করতে পারব।”

দক্ষিণ কোরিয়ার অর্থায়নে রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে সেতুটি নির্মিত হবে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরিদর্শনকালে রেলপথমন্ত্রী বলেন, “এই সেতুটি আগেই নির্মাণ করা যেত। একটি ভুল বোঝাবুঝি ছিল, যেখানে আলাদা রেলসেতু হবে নাকি রেল ও সড়ক একসাথে হবে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে রেল-কাম রোড সেতু নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়।”

সেতুর নকশা ও স্থান চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি রেলওয়ের প্রস্তাবিত নকশায় নদীপৃষ্ঠ থেকে সেতুর উচ্চতা ধরা হয়েছে সাড়ে সাত মিটার। কিন্তু বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সেতুর উচ্চতা ১২ মিটার করার শর্ত দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে প্রতিবেদন দিতে ছয় সদস্যের একটি কমিটি করেছে রেলওয়ে।

সেতু নির্মাণ নিয়ে সৃষ্ট ‘জটিলতা নিরসনের’ দাবিতে স্থানীয় বাসিন্দারা আবার সরব হয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার মন্ত্রী সেতুটি পরিদর্শনে এলেন।

সুজন বলেন, “সরেজমিনে দেখার জন্যই আমি এসেছি। চট্টগ্রামবাসীর জন্য যেমন এ সেতুটি খুবই দরকার তেমনি ভবিষ্যতে কক্সবাজার পর্যন্ত সরাসরি রেললাইন সংযোগ স্থাপনের জন্য সেতুটি নির্মাণ করা অতীব জরুরি ।

“২০২২ সালের মধ্যে কক্সবাজার পর্যন্ত রেললাইন চালু হয়ে যাবে। একই সময়ের মধ্যে যাতে সেতুটির নির্মাণ শেষ করা যায় সে চেষ্টা আমরা করব।”

পরিদর্শনের সময় চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মো. মোসলেম উদ্দিন আহমদ, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষ, রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নগরীর সঙ্গে বোয়ালখালী ও পটিয়া উপজেলার একাংশের যোগাযোগের মাধ্যম এবং নগরীর সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগেরও অন্যতম সংযোগ কালুরঘাট সেতু।

১৯৩০ সালে ব্রিটিশ আমলে নির্মিত ৭০০ গজ দীর্ঘ রেল সেতুটি ১৯৫৮ সালে সব ধরনের যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ১৯৬২ সালে সড়ক সেতু যুক্ত করে রেল-কাম সড়ক সেতুতে রূপান্তরিত করা হয়।

বর্তমানে সেতুটির অবস্থা জরাজীর্ণ। ৯০ বছর বয়সী সেতুর উপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে কয়েক হাজার যানবাহন ও কয়েক জোড়া ট্রেন।

১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে দ্বিতীয় কর্ণফুলী সেতু ভেঙে গেলে কালুরঘাট সেতু হয়ে পড়ে নগরীর সাথে দক্ষিণ চট্টগ্রামের ছয়টি উপজেলা ও কক্সবাজার, বান্দরবান জেলার যোগাযোগের অন্যতম রাস্তা।

স্থানীয়দের দাবি, ২০১০ সালে তৃতীয় শাহ আমানত সেতুর উদ্বোধনের আগ পর্যন্ত কালুরঘাট সেতু দিয়ে ভারী যান চলাচলের কারণে সেতুটি আরও নাজুক হয়ে পড়ে।

২০০১ সালে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পর ২০০৪ ও ২০১২ সালে দুই দফায় এ সেতুটি বন্ধ রেখে সংস্কার কাজ করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ।

এছাড়াও বিভিন্ন সময়ে সেতুটিতে ছোটখাট সংস্কার কাজ করে যান চলাচলের উপযোগী করে রাখা হয়।

নতুন সেতুটি নির্মিত হলে নিরবচ্ছিন্ন রেল পরিবহন সেবা নিশ্চিত করা যাবে এবং চট্টগ্রাম-কক্সবাজার পথে রেল চলাচল সুগম হবে।

পাশাপাশি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জন্য বৃহত্তর করিডর তৈরি হবে, বাণিজ্যিক রাজধানীর যানজট হ্রাস পাবে, ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশ হিসেবে এটি কার্যকর ভূমিকা রাখবে।

আরও পড়ুন

সড়ক, রেল- দুই সেতুই হবে কালুরঘাটে: কাদের  

‘বার্ধক্যের ভার’ বইতে পারছে না কালুরঘাট সেতু  

বোয়ালখালী-কালুরঘাট দ্বিমুখী সেতু নির্মাণের দাবি