জিয়া পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিলেন: সুজন
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে এদেশে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
রোববার দুপুরে নগরীর দুই নম্বর গেট এলাকায় একটি কনভেনশন সেন্টারে জাতির জনকের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নগর মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক সুজন বলেন, “রাজনৈতিক চেতনা ও ধারাবাহিকতা ছাড়া শুধু অস্ত্র হাতে নিলেই মুক্তিযোদ্ধা হওয়া যায় না। তাই জিয়াউর রহমান যুদ্ধ করলেও তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন। তিনি ছিলেন ১৫ অগাস্টের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব।
“তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে এদেশে পাকিস্তানী এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিলেন। যারা এদেশেকে পাকিস্তান বানাতে ১৫ অগাস্টের ঘটনা ঘটিয়েছে তারা সফল হয়নি, ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তার আদর্শ আরও প্রবল হয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তাই জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক বেশি শক্তিশালী।”
শত্রুরা এখনও ঘরে-বাইরে আছে জানিয়ে সুজন বলেন, “প্রধানমন্ত্রী যে শুদ্ধি অভিযান শুরু করেছেন সে অভিযানে ঘরের শত্রুদেরও টার্গেট করা হয়েছে। তাই কেউ রেহাই পাবে না। মনে রাখতে হবে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।”
সভায় সভাপতির বক্তব্যে নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, “বঙ্গবন্ধু নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষা বিস্তারের স্বপ্ন দেখেছিলেন। তাই তিনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মধ্যে প্রথম মহিলা আওয়ামী লীগ গঠন করেছিলেন। দেশে মোট জনগোষ্ঠীর অর্ধেক অংশ হিসেবে নারীরা জাতীয় উৎপাদন, সমৃদ্ধি, কল্যাণ ও প্রগতির সমান অংশীদার।
“তাই চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগ জাতীয় সমৃদ্ধির ও সমাজ প্রগতির অংশীদার হিসেবে নিজেদেরকে প্রস্তুত করে রেখেছে।”
নগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলু নাগের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রহমতুন্নেছা, অর্থ সম্পাদক আফরোজা কালাম, সম্পাদকমণ্ডলীর সদস্য হাসিনা আক্তার টুনু, হুরে আরা বিউটি, শারমিন ফারুক, রোকসানা আক্তার, আয়েশা আলম, সদস্য আবিদা আজাদ, আয়েশা ছিদ্দিকা, ফারহানা জাবেদ প্রমুখ।
