চট্টগ্রামে কোরবানির হাটে গরু আসছে, আসছে না ক্রেতা
বন্দর নগরীর কোরবানির হাটগুলোতে দেশের বিভিন্ন জেলা থেকে গরু আসা শুরু হলেও মহামারীর মধ্যে ক্রেতা সমাগম খুব কম।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসা বেপারিরা শঙ্কিত হলেও হাটের ইজারাদাররা বলছেন, দুই দিনের মধ্যে বেশিরভাগ গরু চলে এলে বেচাকেনাও বাড়বে।
চট্টগ্রাম নগরীর স্থায়ী হাটগুলোতে কয়েকদিন আগে থেকেই গরু আসতে শুরু করলেও অস্থায়ী চারটি হাট বসেছে বৃহস্পতিবার থেকে।
বুধ ও বৃহস্পতিবার স্থায়ী হাটগুলোতে গিয়ে নগন্য সংখ্যক ক্রেতা দেখা গেছে, আর স্বাস্থ্যবিধিও মানা হচ্ছিল ঢিলেঢালাভাবে।
সোমবার থেকে নগরীর স্থায়ী দুই হাট সাগরিকা ও বিবিরহাটে কুষ্টিয়া, মাগুরা, চাপাইনবাবগঞ্জ, ফরিদপুর, নাটোর, রাজশাহী ও কুমিল্লাসহ বিভিন্ন হাটে গরু আসতে শুরু করে।
অস্থায়ী কর্ণফুলী হাট, কমল মহাজন হাট, সল্টগোলা ও পতেঙ্গা বাটারফ্লাই পার্ক সংলগ্ন গরুর বাজার বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে।
বুধবার বিকালে নগরীর সবচেয়ে বড় স্থায়ী হাট সাগরিকা বাজারে গিয়ে দেখা যায় প্রবেশ পথে কয়েকজন কিশোর-তরুণ দাঁড়িয়ে আছে। তারা ক্রেতাদের মাস্ক পড়ে বাজারে ঢুকতে বলছে।
তবে বাজারের ভিতর লোকজনের মুখে তেমন মাস্ক দেখা যায়নি। কারও মাস্ক পকেটে আর বাকিদের থুতনিতে।
সাগরিকা গরুর বাজারে কুষ্টিয়া থেকে ১৬টা গরু নিয়ে আসা দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০ বছর ধরে কোরবানিতে এই বাজারে গরু নিয়ে আসি। এবারের মতো অবস্থা কোনো সময় দেখি নাই। গত তিন দিনে আটটা গরু বেচা হইছে। আরও আটটা আছে। কিন্তু বাজারে গরু কেনার লোক নাই।”
৪০ বছর ধরে সাগরিকা বাজারে গরু রেখে বিক্রি করেন বেপারি আবুল কাশেম। দেশি আর ভারতীয়সহ বিভিন্ন জাতের ১৬০টি গরু আছে তার।
আবুল কাশেম বলেন, “করোনার কারণে গত তিন-চার মাস ধরে এমনিতেই গরুর বেচা নাই। ভাবছিলাম কোরবানিতে বেচা হলে ক্ষতি কমবে।
“কিন্তু গরু কিনতে লোকজন এখনো খুব একটা বাজারে আসেনি। এতগুলো গরুর ডেইলি খাবার খরচ অনেক টাকা।”
সাগরিকা গরুর বাজারের ইজারাদার সাইফুল হুদা জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুরুতে করোনার কারণে অনেক বেপারি আসতে রাজি ছিল না। গত পরশু থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার গরু আসতে শুরু করেছে। বেপারিদের সাথে কথা হয়েছে, শনিবারের মধ্যে বেশিরভাগ গরু চলে আসবে। ৩০ শতাংশ গরু এসেছে। বাকি গরু দুই দিনের মধ্যে চলে আসবে আশা করি।”
বেচাকেনা কম হওয়ার বিষয়ে তিনি বলেন, “শহরের লোকজনের গরু রাখার জায়গা কম। যাদের জায়গা আছে ও ভিড় এড়াতে চান তারা এখন গরু কিনছেন। বাকিরা কিনবেন শেষ দিকে।”
স্বাস্থ্যবিধির বিষয়ে সাইফুল বলেন, হাটে স্যানিটাইজার, মাস্ক, হাত ধোয়ার সাবান, পানির ড্রাম সবকিছু আছে। বের হওয়ার পথও আলাদা রাখা হয়েছে।
নগরীর আরেক স্থায়ী হাট বিবিরহাটে বৃহস্পতিবার দুপুরে কোনো ক্রেতার দেখা মেলেনি।
৩০টি গরু নিয়ে মঙ্গলবার মাগুরা থেকে এই হাটে এসেছেন লিটন মোল্লাসহ নয়জন।
হাটে তেমন কোনো ক্রেতা নেই জানিয়ে লিটন বলেন, “১১-১২ বছর ধরে চট্টগ্রামে আসি গরু নিয়ে। এবার অবস্থা খুব খারাপ। বিকেলের দিকে লোকজন কিছু আসে। গরু দেখে কিন্তু কিনে না।
“প্রতিদিন একটা গরুর জন্য দুইশ টাকা খরচ। আর আমাদের একজনের লাগে তিনশ টাকার খানা। এখনও একটা গরুও বেচা হয়নি।”
চাঁপাইনবাবগঞ্জ থেকে ২১টি গরু নিয়ে বিবিরহাট বাজারে এসেছেন কামরুজ্জামান। কিন্তু বাজারের পরিস্থিতি দেখে তিনি খুবই হতাশ।
কামরুজ্জামান বলেন, “চাঁপাইনবাবগঞ্জে যে গরু ৮০-৮২ হাজার টাকায় কিনছি, এখানে কাস্টমার সেই গরুর দাম বলে ৭০ হাজার। কেমনে বিক্রি করব। এরমধ্যে শুরু হইছে বৃষ্টি। কাস্টমার আর আসেই না।”
এই বাজারে গরুর চেয়ে ছাগলের সংখ্যা ছিল বেশি। তবে ছাগলের ক্রেতাও ছিল না।
গণমাধ্যমকর্মীদের হাটে ঢুকতে দেখে স্যানিটাইজার আর হাত ধোয়ার সরঞ্জাম নিয়ে প্রবেশ পথের একপাশে বসেন ইজারাদারের লোকজন।
নূর নগর হাউজিং এলাকার কর্ণফুলী হাটের ইজারাদার আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টিতে সবকিছু রেডি করতে একটু কষ্ট হচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে গরু আসতেছে। আজকেই হাট শুরু হলো।
“আমরা স্বাস্থ্যবিধি মানার ব্যবস্থা করেছি। সিটি করপোরেশনের ডাক্তারের একটা দল আছে এখানে।”
“সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান ও ভিড় এড়ানোর বিষয়ে সচেতন থাকতে হবে।”
হাটগুলোতে ব্যবস্থাপনা ও অবকাঠামো ছাড়া অন্য সব আড়ম্বর ও লোক সমাগম এড়িয়ে চলা ও নিয়ন্ত্রনে রাখার জন্য ইজারাদার, ক্রেতা-বিক্রেতা, প্রশাসন ও করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন মেয়র।
জেলা প্রাণি সম্পদ অফিসের হিসেবে, এবার কোরবানিতে চট্টগ্রাম জেলায় পশুর চাহিদা রয়েছে সাত লাখ ৩১ হাজার। তার মধ্যে জেলার আট হাজারের মতো খামার থেকে স্থানীয়ভাবে জোগান দেওয়া সম্ভব হবে ছয় লাখ ৮৯ হাজার ২২টি পশু।
এসব পশুর মধ্যে গরু চার লাখ ৬৪ হাজার ৫৭২টি, মহিষ ৫৭ হাজার ১৩১টি, ছাগল ও ভেড়া এক লাখ ৬৭ হাজার ২১০টি। অবশিষ্ট ৪১ হাজারের মত গরু দেশের বিভিন্ন জেলা থেকে আসবে।
নগরীর স্থায়ী-অস্থায়ী ছয় হাটের পাশাপাশি ১৪ উপজেলার আরও প্রায় শতাধিক হাটে এসব পশু বিকিকিনি হবে।
