অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু হল চট্টগ্রামের আইসোলেশন সেন্টারে
চট্টগ্রামের হালিশহরে একমাস আগে শুরু হওয়া ‘করোনা আইসোলেশন সেন্টার’ সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ও হাই ফ্লো নাসাল ক্যানুলা সেবার আওতায় এলো।
রোববার বিকালে নগরীর হালিশহর ওয়াপদা মোড় এলাকায় প্রিন্স অব চিটাগাং কমিউনিটি সেন্টারে স্থাপিত আইসোলেশন সেন্টারে এই দুই সেবার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
১৪ জুন যাত্রা শুরু করা আইসোলেশন কেন্দ্রটিতে শুরুতে মৃদু ও মাঝারি উপসর্গের রোগীদের সেবা দেওয়া হচ্ছিল।
পরে চাহিদার কারণে তীব্র উপসর্গের রোগীদের সেবা দিতে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ও হাই ফ্লো নাসাল ক্যানোলা মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, “চট্টগ্রামে করোনা চিকিৎসার যে হাহাকার ছিল তা আমরা অতিক্রম করতে পেরেছি। সুষ্ঠু স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
“করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রাম যেভাবে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে তাতে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের হাত অনেক শক্তিশালী হয়েছে।”
চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, পরিস্থিতি মোকাবেলায় এবং সক্ষমতা অর্জনে হালিশহরের করোনা আইসোলেশন সেন্টারটি বিশাল ভূমিকা রাখছে।
“চট্টগ্রামের করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে। এই আইসোলেশন সেন্টার থেকে বিগত একমাসে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়াটা আমাদের আপনাদের সবার জন্যই বড় অর্জন।”
অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ন ম মিনহাজুর রহমান বলেন, “এই আইসোলেশন সেন্টার থেকে কোন রোগীকে এখনো ফিরিয়ে দেওয়া হয়নি। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এটি প্রতিষ্ঠা হয়েছে তা অনেকটা পূর্ণ হয়েছে।
“আজ ম্যানিফোল্ড অক্সিজেন ডেলিভারি সিস্টেম নিয়ন্ত্রিত সেন্ট্রাল অক্সিজেন লাইন চালু হওয়াতে হাই ফ্লো ছাড়াও প্রতিজন রোগীকেই ১৫ লিটার/ মিনিট অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা যাবে। এছাড়াও মারাত্মক উপসর্গে ভোগা রোগীদের হাইফ্লো নাসাল ক্যানোলার মাধ্যমে প্রতি মিনিটে ৭০ থেকে ৮০ লিটার পর্যন্ত অক্সিজেন সরবরাহ সম্ভব হবে।”
করোনা আইসোলেশন সেন্টারের প্রধান সমন্বয়ক নূরুল আজিম রনি জানান, রোববার বিকেল পর্যন্ত এই সেন্টার থেকে মোট ২৩০ জন করোনাভাইরাস আক্রান্ত ও উপসর্গ থাকা রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ৪১ জন করোনাভাইরাস পজিটিভ রোগী এই কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে।
এখানে বিনামূল্যে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার পাশাপাশি ওষুধ এবং খাবারও বিনামূল্যে দেওয়া হয়।
করোনা আইসোলেসন সেন্টার চট্টগ্রামের প্রধান উদ্যোক্তা সাজ্জাত হোসেনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির মুখপাত্র আইনজীবী জিনাত সোহানা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের পরিচালক নাজিম উদ্দিন শিমুল, গোলাম ছামদানি জনি, জাওইদ চৌধুরী, নুরুজ্জামান ও সাদ শাহরিয়ার, কেন্দ্রের চিকিৎসক ডা. হাসিবুল হাছান, ডা. সাদ্দাম হোসেন, ডা. মো. আছাদুজ্জামান, ডা. তৃষিতা দত্ত ও ডা. নাসরিন পারভীন।
