২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চালু হল একদল তরুণের ‘আইসোলেশন সেন্টার’

কয়েকজন তরুণের উদ্যোগে চট্টগ্রামে চালু হল ১০০ শয্যার কোভিড-১৯ ‘আইসোলেশন সেন্টার’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 10:22 PM

Updated : 10 Oct 2022, 07:13 PM

পুরনো খবর:

চট্টগ্রামে কোভিড-১৯ চিকিৎসায় অর্থ ও পিপিই দিলেন নওফেল
চট্টগ্রামে শনাক্ত কোভিড-১৯ রোগী ৫ হাজার ছাড়াল

মৃদু ও মাঝারি উপসর্গের রোগী, যাদের বাসায় আইসোলেশন সম্ভব নয়, তাদের এই আইসোলেশন সেন্টারে অগ্রাধিকার দেওয়া হবে। 

রোববার থেকে নগরীর পিসি রোডের হালিশহর ওয়াপদা মোড় এলাকায় ‘প্রিন্স অব চিটাগাং’ কমিউনিটি সেন্টারে এই আইসোলেশন কেন্দ্র কার্যক্রম শুরু করে।

এর প্রধান উদ্যোক্তা ও মুখপাত্র মোহাম্মদ সাজ্জাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  রোববার বিকাল থেকেই তারা রোগী ভর্তি শুরু করেছেন। ভর্তি রোগীদের সেবায় কোনো টাকা নেওয়া হবে না।

“দুঃখের বিষয় হল... সরকারি হাসপাতালের সিট সীমাবদ্ধতা আর বেসরকারি হাসপাতাল মালিকদের নয়-ছয় মনোভাবের কারণে এই নগরীর করোনা আক্রান্তদের দুর্ভোগ আজ চরমে।”

দেশে শনাক্ত কোভিড-১৯ রোগীর ১৭ ভাগের এক ভাগ চট্টগ্রাম জেলার।  শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯ জনে। 

সাজ্জাত হোসেন বলেন, “আইসিইউ তো দূরের বিষয়, অক্সিজেনের অভাবেই মারা যাচ্ছে অনেক রোগী। তাই মানবিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই আইসোলেশন সেন্টারের প্রয়াস।

“এখানে অক্সিজেন, অক্সিজেন কনসেনট্রেটর, পালস অক্সিমিটার, নেবুলাইজার, ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পর্যাপ্ত পরিমাণে থাকবে। ১২ জন চিকিৎসক ও ৫০ জন স্বেচ্ছাসেবক রোগীদের সেবা দেবেন।”

রোগীদের পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সুবিধাও দেওয়া হবে বলে জানান সাজ্জাত।

স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিভিন্ন শ্রেণি-পেশার তরুণরা দুই সপ্তাহের মধ্যে এই আইসোলেশন সেন্টারটি গড়ে তুলেছেন।

উদ্যোক্তাদের মধ্যে আছেন নাজিমুদ্দিন মাহমুদ শিমুল, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজম রনি, আইনজীবী জিনাত সোহানা ও টি আর খান, জাওয়াদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, ইকরাম উল্লা, তৌহিদুল ইসলাম, জাফর আল তানিয়ার, নুরুজ্জামান, গোলাম সাদমানি জনি, সাবিনা আক্তার, সুমন চৌধুরী, এম. তৌহিদুল ইসলাম ও সাদ শাহরিয়ার।

কমিউনিটি সেন্টারটি আইসোলেশন সেন্টারের জন্য ব্যবহার করতে দেওয়ায় আইএমএস গ্রুপের চেয়ারম্যান আবুল বশর আবুকে  ‘ধন্যবাদ’ জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।

সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ সাজ্জাত হোসেন বলেন,  “চট্টগ্রাম শহরের অবস্থাসম্পন্ন মানুষরা এগিয়ে এসে রোগীদের জন্য খাদ্যসামগ্রী, ওষুধ, মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার দিয়ে সাহায্য করতে পারেন অথবা স্বেচ্ছাসেবক হিসেবেও আমাদের পাশে দাঁড়াতে পারবেন।

“আমরা সবাই এমন এক সময়ে এসে পড়েছি যেখানে সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদেরকে এই মহাবিপদ থেকে রক্ষা করতে।”