চট্টগ্রামে কোভিড-১৯ চিকিৎসায় অর্থ ও পিপিই দিলেন নওফেল
চট্টগ্রামের তিনটি হাসপাতাল ও আইসোলেশন সেন্টারে চিকিৎসা সেবার জন্য মোট চার লাখ টাকা এবং সুরক্ষা সামগ্রী দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শুক্রবার নগরীর হালিশহরে ‘করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রাম’ পরিদর্শনে গিয়ে ব্যক্তিগত তহবিল থেকে তিন লাখ টাকা অনুদান দেন নওফেল।
নগরীর পিসি সড়কের হালিশহর ওয়াপদা মোড় এলাকায় ‘প্রিন্স অফ চিটাগাং’ নামের কমিউনিটি সেন্টারে বেসরকারি উদ্যোগে এই ১০০ শয্যার আইসোলেশন কেন্দ্রটি চালু করা হবে কয়েক দিনের মধ্যে।
আইসোলেশন কেন্দ্রটি ঘুরে দেখা শেষে শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা করোনাভাইরাস আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে রাত-দিন কাজ করে যাচ্ছেন।
“সরকারি হাসপাতালগুলোও সীমিত সক্ষমতায় চিকিৎসা সেবা প্রদানে হিমশিম খাচ্ছে। এমন অবস্থায় করোনা মহামারীর এই মহাসংকটে তরুণেরা যেভাবে এগিয়ে এসে আইসোলেশন সেন্টার করেছেন তা প্রশংসনীয়। তরুণদের এই উদ্যোগ দেশব্যাপী অন্যদেরও উদ্বুদ্ধ করবে।”
শিক্ষা উপমন্ত্রীকে উদ্যোক্তাদের পক্ষে কৃতজ্ঞতা জানান আইসোলেশন সেন্টারের মুখপাত্র মোহাম্মদ সাজ্জাত হোসেন।
সেন্টারের অন্যতম উদ্যোক্তা নুরুল আজিম রনি বলেন, “আমরা আশা রাখি, উপমন্ত্রী মহোদয়ের মতো চট্টগ্রামের অন্যান্য রাজনৈতিক নেতা ও ধন্যাঢ্য ব্যক্তিরা করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবায় পাশে দাঁড়াতে এগিয়ে আসবেন।”
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য ও শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নাজমুল হক ডিউক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী জাফর উল্লা, উদ্যোক্তা নাজিমুদ্দিন মাহমুদ শিমুল, আইনজীবী জিনাত সোহানা ও টি আর খাঁন, জাওইদ চৌধুরী, মোস্তারী মোরশেদ স্মৃতি, শাদ শাহরিয়ার, গোলাম মোহাম্মদ জনি, জাহাঙ্গীর আলম, নুরুজ্জামান, মোহাম্মদ জানে আলম প্রমুখ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও এক বক্স পিপিই দেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও কাউন্সিলর জহর লাল হাজারী।
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সেবা প্রদানকারী এবং কোভিড-১৯ আক্রান্তদের খোঁজ নেন নওফেল।
করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে নওফেলের উদ্যোগে নগরীতে অসহায় মানুষদের জন্য খাদ্য সামগ্রী, নিম্নবিত্তের জন্য প্রতিদিন রান্না করা খাবার বিতরণ এবং মধ্যবিত্তের জন্য জরুরি সেবার মাধ্যমে খাদ্য উপকরণ বিতরণ করা হয়।
৪ মে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে মুক্তির তালিকায় থাকা দরিদ্র বন্দিদের জরিমানার টাকা পরিশোধে এক লাখ অর্থ অনুদান করেন নওফেল।
ঈদের আগে নগরীর আওয়ামী লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের মোট সাড়ে আট হাজার নেতাকর্মীকে ‘ঈদ উপহারও’ পাঠান তিনি।
