আইসিইউ বন্ধ চট্টগ্রামের চার বেসরকারি হাসপাতালে
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ‘অসুস্থতা ও স্বল্পতার’ কারণে চট্টগ্রামে চারটি বেসরকারি হাসপাতালে আইসিইউ সেবা বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে হাসপাতালগুলোতে পরিদর্শনে গিয়ে এই চিত্র পেয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মনিটরিং করতে গঠন করা সার্ভেইল্যান্স টিমের কাছে বুধবার দেওয়া তথ্যেও এই চার প্রতিষ্ঠান তাদের আইসিইউ বন্ধ থাকার কথা জানিয়েছে।
এর মধ্যে সিএসসিআর, ন্যাশনাল হসপিটাল লিমিটেড ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল চিকিৎসকের ‘অসুস্থতার’ কথা উল্লেখ করেছে। আর ডেল্টা হাসপাতাল চিকিৎসক ও নার্সের ‘স্বল্পতার’ কথা জানিয়েছে।
এসব হাসপাতালে কোভিড-১৯ ও অন্য রোগীদের আলাদাভাবে চিকিৎসা সেবা চালু হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিএসসিআরের আইসিইউ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত। তাই তাদের আইসিইউ বন্ধ রেখেছে বলে জানিয়েছে।
“মেডিকেল সেন্টারে তিনটি আইসিইউ আছে। সেগুলো খালি আছে।”
আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার বলেন, “ডেল্টা ও ন্যাশনাল হাসপাতালে আমরা আইসিইউ বন্ধ পেয়েছি।
“ডেল্টায় ডাক্তার ও নার্স সংকট আছে বলে জানিয়েছে। আর ন্যাশনাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আইসিইউ পরিচালনাকারী চিকিৎসক অসুস্থ।”
“দুই ধরনের রোগীদের জন্য হাসপাতালে আগমন, প্রস্থান ও চলাচলে পথ আলাদা করতে বলা হয়েছে। লিফট ব্যবহারে আরো সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”
সিএসসিআরে শয্যা ও রোগীর তথ্য সংশ্লিষ্ট বোর্ড দৃশ্যমান স্থানে রাখা ছিল না বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া সিএসসিআর ও মেডিকেল সেন্টারে রোগী ও রোগীর স্বজনদের স্যানিটাইজেশন নিশ্চিত করার পর্যাপ্ত ব্যবস্থা এবং থার্মাল স্ক্যানার দিয়ে হাসপাতালে আগতদের স্ক্যানিংয়ের ব্যবস্থাও পাওয়া যায়নি।
“পরিস্থিতি দেখে তাদের ভুল-ত্রুটি সংশোধন করতে বলা হয়েছে। রোগীদের সেবা দানে অবহেলা বা গাফিলতি করে কেউ পার পাবে না।”
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের দুইজন প্রতিনিধিও ছিলেন।
