‘আদর করার ছলে’ শিশুকে কোলে নিয়ে পানির ট্যাংকে ফেলে হত্যা
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকার একটি ভবনের ছাদের পানির ট্যাংক থেকে দুই বছরের শিশুর লাশ উদ্ধারের ঘটনায় ওই ভবনেরই আরেক ফ্ল্যাটের বাসিন্দা এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নাজমা বেগম (৪০) এই হত্যাকাণ্ডে দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানিয়েছেন।
ভবনের নিচতলায় খেলতে থাকা শিশুটিকে আদর করার ছলে কোলে নিয়ে ছাদে উঠে পানির ট্যাংকের ভিতরে ফেলে হত্যার কথা তিনি স্বীকার করেছেন বলে জানান ওসি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত রোববার সন্ধ্যায় মিয়া খান নগর হাজী মনুসর আলী রোডের নুরুল আলম মিয়ার মালিকানাধীন ভবনের বাসিন্দা একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আবদুল কাইয়ুমের দুই বছরের ছেলে আরাফের লাশ ওই বাড়ির পানির ট্যাংক থেকে উদ্ধার করা হয়।
আগের দিন বিকালে ওই ভবনের নিচতলায় খেলতে গিয়ে শিশু আরাফ নিখোঁজ হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি সাধারণ ডায়রিও করা হয়।
পরে তদন্ত করতে গিয়ে হত্যাকাণ্ডে নাজমা বেগমের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায় এবং মঙ্গলবার মনোহরখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি নেজাম উদ্দিন বলেন, গত দুই বছর ধরে নাজমা তার স্বামী, তিন মেয়ে ও দুই ছেলেকে নিয়ে ওই ভবনে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। তার স্বামীর অসুস্থতার চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়েছেন এবং বিভিন্নজনের কাছ থেকে সুদে টাকা ধার করেছেন।
ধারের অর্থ পরিশোধ করতে না পেরে তিনি সম্প্রতি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তার এক ছেলে হাসানকে বাড়িয়ওয়ালা নুরুল হক তাদের ভবনের দারোয়ান হিসেবেও নিয়োগ দেন। বাসা ভাড়া পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালা গত কয়েক মাস ধরে নাজমার ছেলের বেতন দেওয়াও বন্ধ করে দিলে তারা পারিবারিকভাবে আর্থিক কষ্টে পড়েন।
ওসি বলেন, বাড়ির মালিক নুরুল হকের সাথে পাশের ভবনের ভাড়াটিয়া মো. ফরিদের আগে থেকে বিরোধ ছিল। তার জের ধরে ফরিদ নুরুলের ভবনের ভাড়াটিয়া নাজমাকে তার বাড়িওয়ালাকে ফাঁসানোর জন্য ফুঁসলাতে থাকেন। এর বিনিময়ে তাকে ২০ হাজার টাকা দেয়ার প্রস্তাবও দেওয়া হয়।
“এর থেকে নাজমা গত রোববার বিকালে ভবনের পার্কিং এলাকায় খেলতে থাকা নিচতলার ভাড়াটিয়ার দুই বছরের শিশুপুত্র আরাফকে আদর করার ছলে কোলে নিয়ে ছাদে উঠে যায় এবং পানির ট্যাংকের ভেতর ফেলে দেয়।
“টাকার লোভে বাড়িওয়ালাকে ফাঁসানোর জন্য এ কাজ করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে।”
হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ওই নারী মঙ্গলবার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দিও দিয়েছেন।
