২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস চেনালো ‘ইতিবাচক বাংলাদেশকে’: ইঞ্জিনিয়ার মোশাররফ

করোনাভাইরাস মহামারীর এই সময় ‘ইতিবাচক বাংলাদেশকে’ চিনিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2020, 02:18 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

শনিবার মিরসরাই উপজেলা সদরের মিরসরাই বালিকা উচ্চবিদ্যালয় মাঠে দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি এ কথা বলেন।

ঈদ সামনে রেখে নিজের সংসদীয় এলাকা মিরসরাইয়ে শনিবার থেকে ছয় হাজার পরিবারের মধ্যে খাদ্য বিতরণ শুরু করেছেন মোশাররফ।

তিনি বলেন, “সীমিত সম্পদের মধ্য ১৮ কোটি জনগোষ্ঠীর চাহিদা মোকাবেলা দুঃসাধ্য কাজ। তা সফলভাবে করে বিশ্ব নেতাদের প্রশংসা কুড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।

“সীমাবদ্ধতার মধ্যেও উনার সময়োপযোগী পদক্ষেপের জন্য আমাদের দেশে মৃত্যুর পরিমাণ কম। ৫০ লক্ষ লোকের মাঝে ২৫০০ টাকা করে মোবাইলে পাঠাচ্ছেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্স করে সব জেলায় তিনি যোগাযোগ রাখছেন।”

সামনের কাতারে থেকে যারা মহামারী মোকাবেলা করছেন, তাদের প্রশংসা করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “ডাক্তার, পুলিশসহ অনেকে আক্রান্ত হয়েছেন, কিন্তু কেউ পিছপা হয় নাই। করোনাভাইরাস সংক্রমণের এই সময় আমাদের ইতিবাচক বাংলাদেশকে চিনিয়েছে।”

আওয়ামী লীগ-নেতাকর্মীসহ যারা নানা স্বেচ্ছাসেবামূলক ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন, তাদের ধন্যবাদ জানান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

অন্যদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উত্তর জেলার সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব রহমান রুহেল, উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, ওয়াহেদপুর ইউনিয়ন চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ এ সময় উপস্থিত ছিলেন।