কোভিড-১৯: চট্টগ্রামে ৫ পুলিশসহ আক্রান্ত আরও ৬৮
চট্টগ্রাম জেলায় তিন ল্যাবে করা নমুনা পরীক্ষায় একদিনে পাঁচ পুলিশ কনস্টেবলসহ ৬৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৫৫টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনাভাইরাস ‘পজিটিভ’ মিলেছে বলে জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
এর মধ্যে চট্টগ্রাম জেলার ১৭জন, লক্ষ্মীপুরের চারজন, নোয়াখালী ও কুমিল্লার একজন করে এবং ফেনীর দুজন।
চট্টগ্রামের ১৭ জনের মধ্যে ১৪ জন মহানগর এলাকায় এবং দুজন আনোয়ারা ও একজন সীতাকুণ্ড উপজেলার।
চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ কনস্টেবল রয়েছেন বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক।
এ পর্যন্ত চট্টগ্রাম নগর পুলিশে ৫২ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে শুক্রবারে ১০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭টিতে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে বলে জানান জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।
আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরী এলাকার ৪৫জন এবং সীতাকুণ্ড ও বোয়ালখালী উপজেলার একজন করে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে পরীক্ষা হয় ১০০টি নমুনা। এর মধ্যে ‘পজিটিভ’ পাওয়া গেছে ১৩জনের। এর মধ্যে চট্টগ্রাম জেলার চারজন রয়েছেন।
সিভিল সার্জন ডা. ফজলে রাব্বী জানান, চারজনের মধ্যে হাটহাজারী উপজেলার তিনজন এবং চন্দনাইশের একজন রয়েছেন।
এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার ২১টি নমুনা পরীক্ষা করা হলেও কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি।
শুক্রবার পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৪১ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বড়ি ফিরে গেছেন ৯৪ জন এবং আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩১ জন।
