চট্টগ্রামে কোভিড-১৯ আক্রান্ত বাড়ছে লাফিয়ে লাফিয়ে
চট্টগ্রাম জেলায় গত ১৫ এপ্রিল করা নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে পাঁচজনের, ১৫ দিন পরে ৩০ এপ্রিল একজনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে এবং চট্টগ্রাম জেলায় মোট পজিটিভের সংখ্যা দাঁড়ায় ৭০জনে।
১৪ দিন পর বুধবার (১৩ মে) চট্টগ্রাম জেলায় একদিনে সর্বোচ্চ ৯৫ জনের নমুনায় করোনাভাইরাসের সংক্রমণ মেলে, জেলায় মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়ায় ৫১২ জনে।
গত এক সপ্তাহে বন্দরনগরী চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা।
নমুনা পরীক্ষার ল্যাব বৃদ্ধি এবং মানুষের মধ্যে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি না মানার প্রবণতার কারণে চট্টগ্রাম জেলায় করোনাভাইরাস আক্রান্তের হার বাড়ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
গত শনিবার চট্টগ্রামে করোনাভাইরাস ধরা পড়ে চট্টগ্রাম জেলার ১৩ জনের মধ্যে, ওইদিন জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২১৭ জন। পরদিন রোববার জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৪৯ জনে, সোমবার এ সংখ্যা হয় ৬৫ জন এবং মঙ্গলবারে এ সংখ্যা গিয়ে ঠেকে ৮৭ জনে।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম জেলায় তিনটি ল্যাবে করা পরীক্ষায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে। এর মধ্যে ৬৯ শতাংশ চট্টগ্রাম মহানগরীর এবং বাকি ৩১ শতাংশ জেলার বিভিন্ন উপজেলায় আক্রান্ত।
গত বুধবার তিনটি ল্যাবে নমুনা পরীক্ষা হয় ৩৬৭টি। মঙ্গলবার এ সংখ্যা ছিল ৪৭৯টি, গত সোমবার পরীক্ষা হয় ৩৮৩টি নমুনার।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুযায়ী, আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৯৯ জন এবং নারী ১১৩জন।
এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৯ জন, যা মোট আক্রান্তের ১৭ শতাংশ। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ২৮ জন, যা মোট মোট আক্রান্তের ৫ শতাংশ।
চট্টগ্রাম জেলায় মোট আক্রান্ত ও মারা যাওয়া ব্যক্তির সংখ্যা বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যত বেশি পরীক্ষা হবে, তত বেশি মানুষের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়বে। ভবিষ্যতেও চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে।”
গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬৩ জন, মারা গেছেন ২৮৩ জন।
ডা. ফজলে রাব্বি বলেন, “বড় জেলা হিসেবে চট্টগ্রাম এমনিতে ঝুঁকির মধ্যে আছে। বন্দরসহ শিল্প কারখানার কারণে চট্টগ্রামের ঝুঁকি একটু বেশি হওয়ায় সংক্রমিতের হার বেশি হবে। ঢাকার পর চট্টগ্রামেই সংক্রমণের হার বেশি হওয়ার কথা।”
চট্টগ্রামে বেশি নমুনা পরীক্ষা হচ্ছে বিআইটিআইডিতে
চট্টগ্রাম জেলার ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে গত ২৬ মার্চ করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়। পরদিন এ ল্যাবে নমুনা পরীক্ষায় করা হয় মাত্র আটটি এবং কারোরই করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া যায়নি।
গত ৩ এপ্রিল ওই ল্যাবে করা পরীক্ষায় সর্বপ্রথম চট্টগ্রাম জেলার প্রথম এক ব্যক্তির নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। দামপাড়ার ওই ব্যক্তিটি হাসপাতালে চিকিৎসা নিয়ে ইতোমধ্যে বাড়িও ফিরে গেছেন।
এরপর গত ২৫ এপ্রিল চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে শুরু হয় নমুনা পরীক্ষা।
গত শনিবার (৯মে) চালু হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের করোনাভাইরাস পরীক্ষার ল্যাবটি।
জেলা সিভিল সার্জন ফজলে রাব্বী বলেন, আগে পরীক্ষা হয়েছে শুধুমাত্র বিআইটিআইডির ল্যাবে এখন সিভাসু ও চমেক ল্যাবেও নমুনা পরীক্ষা করা হচ্ছে।
“সে কারণে নমুনার সংখ্যা বেড়েছে এবং এতে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। ঢাকার পর চট্টগ্রামও হটস্পট হয়ে উঠছে।”
এ থেকে উত্তরণে সামাজিক দূরত্ব রক্ষা করাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার কোনো বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, এজন্য প্রশাসনের নজরদারিও বাড়াতে হবে কঠোরভাবে।
চট্টগ্রামে দ্রুত করোনা আক্রান্ত রোগী বাড়ার বিষয়টি ব্যাখ্যা করে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে করোনাভাইরাস সংক্রমিতের সংখ্যা বাড়ার সময়, যেটাকে ‘হাই টাইম’ বলা যায়। এছাড়া চট্টগ্রামে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধিসহ সামাজিক দূরত্ব কোনোভাবেই মানা হচ্ছে না। সেকারণে সংক্রমণের হার বাড়ছে।
এখন চট্টগ্রাম জেলায় ‘কমিউনিটি ট্রান্সমিশন’ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “বাজারসহ সব জায়গায় ছাড় দেয়া হয়েছে। এক জেলা বা উপজেলা থেকে অন্যত্র বিশেষ করে গ্রাম অঞ্চলে এ প্রবণতা বেশি হওয়ায় এবং যাতায়াত ও সামাজিক মেলামেশার ফলে আক্রান্তের সংখ্যা বাড়ছে অনেক বেশি হারে।”
চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চলছে চিকিৎসা
এছাড়া হাটহাজারী উপজেলায় নয়জন, সন্দ্বীপে আটজন, রাঙ্গুনিয়ায় ১৩জন, বাঁশখালীতে ১৫ এবং রাউজান উপজেলায় দুইজন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের সংখ্যা কমানোর জন্য চট্টগ্রামের সাথে আন্তঃজেলা এবং আন্তঃউপজেলা যাতায়াত পুরোপুরি বন্ধ করতে হবে বলে মনে করেন ডা. শাহরিয়ার।
“অহেতুক চলাচল করা যাবে না এবং প্রশাসনকে তা নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় সংক্রমণ বাড়তেই থাকবে।”
আগামী ১৫ থেকে ২০দিন সংক্রমণের মাত্রা বাড়তে থাকবে মন্তব্য করে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মানার উপর জোর দেন।
