নিয়ম না মানায় চট্টগ্রামে বন্ধ হল শতাধিক দোকান
স্বাস্থ্যবিধি না মেনে বেচাকেনা করায় চট্টগ্রামে ইলেক্ট্রনিক্স পণ্যের শতাধিক দোকান বন্ধ করে দিয়েছে পুলিশ।
বুধবার বিকালে নগরীর কোতোয়ালি থানার তিনপোল ও নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে এসব দোকান বন্ধ করা হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি মার্কেটের প্রবেশমুখে জীবাণুনাশক টানেল স্থাপন, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার, ক্রেতা-বিক্রেতাদের তাপমাত্রা মাপার জন্য থার্মাল স্ক্যানার, এক মিটার দূরত্বে ক্রেতাদের অবস্থান মার্কিং করার কথা বলা হয়েছিল।
সহকারী কমিশনার নোবেল বলেন, “এসব মার্কেটে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি। বিক্রেতারাও মাস্ক ও গ্লাভস ব্যবহার করছিলেন না। তাই সেসব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।”
সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ১০ মে থেকে বিপনী বিতান ও মার্কেট খোলার অনুমতি দেওয়া হলেও তার আগের দিন চট্টগ্রামের পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করে অধিকাংশ মার্কেটের ব্যাবসায়ী সমিতির নেতারা মার্কেট না খোলার সিদ্ধান্ত নেন। তারপরও চট্টগ্রামে কিছু জায়গায় দোকান খোলা রাখা হয়েছে।
