২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হালদার মা মাছটি বাঁচল না

দুই দিন ধরে নানা চেষ্টার পরেও হালদা থেকে উদ্ধার হওয়া মা মাছটিকে বাঁচানো গেল না।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2020, 09:46 PM

Updated : 18 Aug 2022, 03:00 PM

সোমবার সকালে মারা যায় কাতাল মাছটি। পরে এটি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফিশারিজ বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার দুপুরে হালদা নদীর হাটহাজারী সত্তার ঘাট অংশ থেকে ভাসমান অবস্থায় আহত মা মাছটি উদ্ধার করা হয়।

তিন ফুট দীর্ঘ ১৪ কেজি ওজনের কাতাল মাছটির পেট ও পিঠের অংশে আঘাত ছিল। মা মাছটির পেটে অনেক ডিমও ছিল।

হাটহাজারী উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবাই মিলে অনেক চেষ্টা করেও মাছটি বাঁচাতে পারলাম না। খুব খারাপ লাগছে। মাছটি বাঁচলে এবার হালদায় অনেক ডিম ছাড়ত।

“মাছটি দেখে ধারণা করছি, এটি পাহাড়ি ঝর্ণা বা কোনো লেক থেকে ডিম ছাড়ার জন্য হালদায় এসেছিল। এখন হালদায় প্রজনন মৌসুম চলছে। হয়ত নদী রক্ষা বাঁধের ব্লকে আটকে বা ধাক্কা খেয়ে মাছটির পেটে ও পিঠে আঘাত লাগে।”

শনিবার হাটহাজারী উপজেলার ইউএনও রুহুল আমিনের নেতৃত্বে মাছটি উদ্ধারের পর বেসরকারি সংস্থা ইন্টিগ্রেটেড ডেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) গড়দুয়ারা নয়াহাট এলাকায় ‘হালদা নদীতে মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

সেখানে রেখে অক্সিজেন ও স্যালাইন দিয়ে মাছটিকে সুস্থ করার চেষ্টা হয়।

এরপর রোববার মা মাছটিকে মদুনাঘাটের সরকারি হ্যাচারিতে নেয়া হয়। পটিয়া থেকে সরকারি মৎস্য খামার ব্যবস্থাপকও মাছটির চিকিৎসা দিতে হাটহাজারী আসেন।

হাটহাজারী উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি বলেন, “হ্যাচারিতে রেখেও সবরকম চেষ্টা করা হয়। কিন্তু সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সেটি মারা যায়।”

পরে সিভাসু’র ফিশারিজ বিভাগের ডিন অধ্যাপক ড. এম নুরুল আবছার খান মাছটি তাদের ল্যাবের জন্য দিতে অনুরোধ করেন।

দুপুরে জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলীর উপস্থিতিতে মা মাছটি সিভাসু’র ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক রেদোয়ানুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।

বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রজনন মৌসুমে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় মা মাছ নিষিক্ত ডিম ছাড়ে। ডিম ছাড়তে হালদার মাছসহ নদীটির সাথে যুক্ত ৩৫ টি খাল ও ছড়ার মা মাছও জড়ো হয় নদীতে।

পুরনো খবর:

হালদার মা মাছ রক্ষায় ডিম সংগ্রহকারীদের শপথ
হালদার আপদ চোরা শিকারীরা, বিপদে মা মাছ-ডলফিন
হালদায় একটি ডলফিন হত্যা