২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সংবাদপত্র হকারদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

নগরীর দুইশ হকারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2020, 09:45 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

বুধবার বিকালে কেসি দে রোডে হকার সমিতির কার্যালয় প্রাঙ্গনে মেয়র খাদ্যসামগ্রী বিতরণ করেন।

চট্টগ্রাম বন্দর উইন্সম্যান (ক্রেন অপারেটর) কল্যাণ বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে চট্টগ্রাম সংবাদপত্র এজেন্ট সমিতির হকারদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের এই উদ্যোগ নেয়া হয়।

এসময় মেয়র নাছির বলেন, “বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রভাবে দীর্ঘদিনের কর্মহীনতায় সারাদেশের সাধারণ মানুষের পাশাপাশি আয় রোজগার বন্ধ হয়ে পড়েছে পত্রিকা হকারদেরও। চলমান সমস্যার কথা মাথায় রেখে এ সকল হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

“সাধারণ ছুটি শুরুর পর থেকে ছাপানো পত্রিকা বিক্রি কমে যাওয়ায় পত্রিকার হকাররা বিপাকে পড়েছেন। তারা সবাই কর্মজীবী। বর্তমান পরিস্থিতির কারণে সংকটে পড়েছেন। তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব।”

তিনি বলেন, “এমন সময় পত্রিকা হকারদের যা ক্ষতি হয়েছে তা হয়তো পুষিয়ে দিতে পারব না। শুধুমাত্র চেষ্টা করা হচ্ছে পাশে দাঁড়ানোর, তা দিয়ে আপনারা সামান্য ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।”

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়াদের আরও সহযোগিতা করার জন্য বিত্তবান ও কর্পোরেট হাউসগুলোকে নজর দেয়ার আহ্বান জানান মেয়র।

এসময় চট্টগ্রাম বন্দর উইন্সম্যান (ক্রেন অপারেটর) কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আকতার, সাধারণ সম্পাদক মো. নাসির উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন মিজান, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম বিপ্লব, অর্থ সম্পাদক নুরুল আলম, চট্টগ্রাম সংবাদপত্র এজেন্ট সমিতির সভাপতি আইয়ুব খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আল হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনাভাইরাসের বিস্তার রোধে সাধারণ ছুটি শুরুর পর থেকে ছাপানো পত্রিকা বিক্রি কমে যাওয়ায় হকাররা বিপাকে পড়েন। এ নিয়ে গত ২৯ এপ্রিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এরপর রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভুঁইয়া ১৫ জন হকারকে খাদ্যসামগ্রী দেন। এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠান খাদ্যসামগ্রী নিয়ে পত্রিকা হকারদের পাশে দাঁড়ায়।

পুরনো খবর:

হকারদের খাদ্য সামগ্রী দিলেন রেলওয়ের ওসি
‘সবাই বলে ভাইরাস গেলে পত্রিকা নিবে, চলব কিভাবে?’