‘সবাই বলে ভাইরাস গেলে পত্রিকা নিবে, চলব কিভাবে?’
রফিকুল ইসলাম প্রতিদিন নগরীর লাভ লেইন-আগ্রাবাদ-দেওয়ানহাট এলাকার বিভিন্ন বাসাবাড়িতে পত্রিকা বিলি করেন। জাতীয় ও স্থানীয় দৈনিক মিলিয়ে প্রতিদিন গড়ে তিনশ পত্রিকা বিলি করতেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ‘সাধারণ ছুটি’ শুরুর পর সেই সংখ্যা কমে ৮০-৯০টিতে এসে ঠেকেছে।
ছাপানো পত্রিকার বিক্রি কমে যাওয়ায় রফিকের মতোই বিপাকে পড়েছেন চট্টগ্রাম মহানগরীতে পত্রিকা বিলিকারী হাজারের বেশি হকার। ছাপানো সংবাদপত্রের বিক্রি কমতে থাকায় সামনের দিনগুলো কিভাবে চলবে তা শংকিত সবাই।
ছাপানো পত্রিকার মাধ্যমে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়াতে পারে এমন শংকায় বাসাবাড়িতে নিয়মিত পত্রিকা নেয়া কমিয়ে দিচ্ছেন গ্রাহকরা। তাছাড়া অনেক পত্রিকারই ছাপানো সংস্করণও বন্ধ হয়ে গেছে।
সবমিলিয়ে সঙ্কটে পড়া হকাররা সরকারের কাছ থেকে সহযোগিতাও প্রত্যাশা করছেন।
হকার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে গ্রাহকরা সকালে পত্রিকা দিতে দেরি হলে বকা দিতেন, এখন বলছেন আর পত্রিকা দিও না, পরে দিন ভালো হলে আবার নেবেন বলছেন।”
নগরীর হেমসেন লেইনে স্ত্রী, দুই সন্তান নিয়ে একটি ছোট বাসায় তার সংসার। পত্রিকা বিক্রি কমে যাওয়ায় ভবিষ্যত নিয়ে শংকিত রফিক।
নগরীর জামাল খান এলাকার হকার আবদুর রহিমেরও একই অবস্থা। তিনি প্রতিদিন জাতীয় ও স্থানীয় মিলিয়ে ১২০টির মতো পত্রিকা বিলি করতেন বাসাবাড়িতে। আর এখন তা নেমে দাঁড়িয়েছে ৪০টিতে।
তিনি বলেন, “যারা বছরের পর বছর ধরে পত্রিকা নিচ্ছে তারা হুট করে মার্চের শেষে এসে বলছেন সামনের মাস থেকে পত্রিকা দেয়া বন্ধ করে দাও। করোনা চলে গেলে পরে আবার নেব। প্রায় সব হকারের ক্ষেত্রে এমন ঘটছে।”
আতুরার ডিপো এলাকায় স্ত্রী-দুই সন্তান নিয়ে থাকা রহিম বলেন, “এ মাসে (এপ্রিলে) গ্রাহকরা টাকা দিয়ে পত্রিকা নেয়া বন্ধ করে দিয়েছেন। মার্চ মাসের টাকা এপ্রিলে পেয়েছি। কিন্তু এপ্রিলে তো আর পত্রিকা বিলি হয়নি। সামনের মাসে তো আর নিয়মিত রোজগার থাকছে না। সামনের মাস থেকে আমাদের চলা কষ্টকর হয়ে পড়বে।”
সদরঘাট থেকে মাঝিরঘাট পর্যন্ত বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও বাসায় পত্রিকা বিলি করেন রাকিবুল হোসেন রনি হকার। তিনি প্রতিদিন নিয়মিত প্রায় তিনশ পত্রিকা বিলি করতেন। পত্রিকা বিক্রির আয়ে চলত মা-ভাই-বোনসহ ছয় সদস্যের পরিবার। করোনারভাইরাসে প্রাদুর্ভাবের এপ্রিলের শুরু থেকে পত্রিকা বিলি কমে এসেছে দৈনিক ৪০ থেকে ৫০টির মধ্যে।
“যেসব জায়গায় পত্রিকা বিলি করতাম সেখানে বেশিরভাগই অফিস। সরকারি ছুটি থাকায় পত্রিকা বিলি বন্ধ, এর বাইরে যেসব বাসায় দিতাম সেখানেও করোনার কথা বলে পত্রিকা নিচ্ছে না। এখন স্থানীয় ও জাতীয় মিলে শুধু ৪০/৫০টি পত্রিকা বিলি করছি।”
রোজা চলছে এবং সামনে ঈদ উল্লেখ করে রাকিবুল বলেন, “এ মাসে কোনো রকমে চলছি, কিন্তু সামনের মাসে পরিবার নিয়ে কিভাবে চলব, আল্লাহই জানে।”
শুধু বাসাবাড়িতে পত্রিকা বিলি করা হকাররাই নন, বিক্রি কমায় বিপাকে পড়েছেন নগরীর পত্রিকা বিক্রির দোকানিরাও।
চেরাগী পাহাড় মোড়ে গণি স্টোরে দৈনিক পত্রিকা বিক্রি করেন আবদুল গণি। তিনি জানালেন, ভাইরাসের কারণে লোকজন পত্রিকা কিনছে না।
“আগে স্বাভাবিক সময়ে আমি দিনে ৫০০’র মতো পত্রিকা বিক্রি করতাম গড়ে। এখন সেটা ১০০ তে নেমে এসেছে।
নগরীর চেরাগী পাহাড়, দুই নম্বর গেইট ও কে সি দে রোড এলাকা থেকে মূলত চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি এবং চট্টগ্রাম সংবাদপত্র এজেন্টস অ্যাসোসিয়েশনের অধীন হকারদের মাধ্যমে সংবাদপত্র বিলি বণ্টন করা হয়।
চট্টগ্রামের শীর্ষ দুটি দৈনিক আজাদী ও দৈনিক পূর্বকোণ নিজেদের মাধ্যমেই সরাসরি হকারদের কাছে পত্রিকা বিক্রি করলেও বাকি স্থানীয় ও জাতীয় দৈনিকগুলো এই দুই সংগঠনের মাধ্যমে বিলি হয়। এই দুই সংগঠনের সাথে যুক্ত আছেন ১৪০০ এর মতো হকার। তবে এদের সবাই এখন সরাসরি পত্রিকা বিক্রির সাথে যুক্ত নেই।
চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন জানান, তাদের সমিতিতে ৬০০ সদস্য থাকলেও বর্তমানে পত্রিকা বিক্রির সাথে সাড়ে চারশ’র মতো হকার যুক্ আছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসের কারণে চট্টগ্রামে ছাপা পত্রিকার বিক্রি অবিশ্বাস্যভাবে কমেছে। জাতীয়-স্থানীয় মিলিয়ে স্বাভাবিক সময়ে যা বিক্রি হতো এখন তার ৩০ শতাংশ হচ্ছে।”
তাদের সমিতির হকাররা আগে একটি জাতীয় দৈনিক ১৩ হাজার কপি বিলি করলেও এখন তা তিন হাজারে নেমে এসেছে উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, “এ থেকেই বোঝা যায় পত্রিকা বিক্রি কি হারে কমেছে। এর প্রভাব পড়েছে হকারদের মধ্যেও।
“পত্রিকা বিক্রি কমায় হকারদের যথেষ্ট কষ্ট হচ্ছে। বিক্রি নাই, বিল পাবে না। মার্চ মাসের বিল এপ্রিলে পেয়েছে। তা দিয়ে কষ্ট করে চলেছে। কিন্তু এপ্রিল মাসে তো লোকজন পত্রিকা নেয়া বন্ধ করে দিয়েছে। সামনের মাসে তারা টাকা পাবে না। রোজা ও ঈদে পরিবার পরিজন নিয়ে তাদের কষ্টের দিন কাটাতে হবে।”
নজরুল হকারদের জন্য সাহায্য কামনা করেন।
