২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পত্রিকার হকারদের পাশে কেএসআরএম

করোনাভাইরাস মাহামারীর কারণে লকডাউনের মধ্যে কর্মহীন হয়ে পড়া অসহায় পত্রিকার হকারদের পাশে দাঁড়িয়েছেন ইস্পাত নির্মাণকারী শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2020, 07:19 PM

Updated : 08 Apr 2022, 12:38 AM

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেএসআরএমের সহায়তায় পত্রিকার অসচ্ছল হকারদের মধ্যে খাদ্য সামগ্রী ‍বিতরণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, দক্ষিণ বিভাগ।

শনিবার বিকেলে নগরীর স্মরণিকা কমিউনিটি সেন্টারে সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান হকার সমিতির নেতাদের  কাছে এই খাদ্য সামগ্রী হস্তান্তর করেন।

কেএসআরএমের পক্ষ থেকে সরবরাহ করা এ খাদ্য সামগ্রীর মধ্যে  রয়েছে চাল ৭ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবণ আধা কেজি এবং আধা কেজি রসুন।

প্রাথমিকভাবে ৩৫০ হকার পরিবারকে এ সহায়তা দেওয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ সময় উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান বলেন, করোনাভাইরাসের কারণে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ আর্থিক সংকটে পড়েছেন।

“আমরা চাই তাদের পাশে দাঁড়াতে। চট্টগ্রামে প্রায় ১ হাজার পত্রিকা হকার কর্মহীন হয়ে পড়েছেন। এরমধ্যে ৩৫০ পরিবার দুর্বিসহ জীবনযাপন করছেন। তাই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি কেএসআরএমের সহায়তায়।”

কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম বলেন, “এইট আমাদের প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা ও ধারাবাহিক কাজেরই অংশ।। করোনাভাইরাসের প্রভাব শুরু হওয়ার পর থেকেই আমরা বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের পাশে দাঁড়িয়েছি।”

“এসব খাদ্য সামগ্রীও দেওয়া হয়েছে কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহানের সহযোগিতায়। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন সিএসপি দক্ষিণ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুর রউফ, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন প্রমুখ।