কোভিড-১৯: সুস্থ হয়ে বাড়ি ফিরল ১০ মাসের শিশু
চট্টগ্রামের চন্দনাইশে নতুন করোনাভাইরাসে আক্রান্ত ১০ মাস বয়সী শিশুটি সেরে উঠেছে।
শিশুটিসহ দুজন শনিবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এ নিয়ে চট্টগ্রামে কোভিড-১৯ রোগীদের মধ্যে ২০ জন সেরে উঠল।
চট্টগ্রামে এখন অবধি মোট ৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে ছাড়া পায় ১০ মাস বয়েসী শিশুটি। এছাড়া ফৌজদারহাটের বিআইটিআইডিতে চিকিৎসাধীন ৫৭ বছর বয়েসী অন্য পুরুষও বাড়ি ফেরার ছাত্রপত্র পান।
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ জানান, ওই শিশুর নমুনা পরপর দুবার পরীক্ষায় ‘নেগেটিভ’ এসেছে। সেজন্য তাকে বাড়ি ফেরার ছাড়পত্র দেওয়া হয়।
গত ২২ এপ্রিল শিশুটিকে পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভ’ ফল পাওয়া গিয়েছিল। তবে কীভাবে শিশুদের দেহে সংক্রমণ ঘটেছিল, তা জানা যায়নি।
সতর্কতা হিসেবে শিশুটির মায়ের নমুনাও পরীক্ষা করা হয়। তবে তার করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছে বলে জানান ডা. অসীম।
এদিকে ফৌজদারহাটের বিআইটিআইডি থেকে ছাড়া পাওয়া কাট্টলী এলাকার বাসিন্দারও পরপর দুবার করা পরীক্ষায় ‘নেগেটিভ’ আসে।
সেকারণে তাকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয় বলে জানান চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।
ওই ব্যক্তি গত ১৪ এপ্রিল বিআইটিআইডিতে ভর্তি হয়েছিল।
এ পর্যন্ত চট্টগ্রামের বিআইটিআইডির করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ছয়জনের নমুনা পরীক্ষায় ‘পজিটিভ’ ফল এসেছে।
অন্যদিকে জেনারেল হাসপাতালে ৪৭ জন রোগী ভর্তি আছে। তার মধ্যে করোনাভাইরাস ‘পজিটিভ’ আছে ৪১জনের।
বিআইটিআইডির নমুনা পরীক্ষায় চট্টগ্রামে এ পর্যন্ত ৭৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া চট্টগ্রামের বাইরে থেকে করোনাভাইরাস পজিটিভ হয়ে এসেছেন পাঁচজন। এর বাইরে কক্সবাজারের দুজন কোভিড-১৯ রোগীও চট্টগ্রামের হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে।
