২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দোকানে ফের মিলল টিসিবির সয়াবিন তেল

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এক দোকান থেকে সরকারি প্রতিষ্ঠান টিসিবির বোতলজাত ২২৭ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2020, 03:26 PM

Updated : 10 Oct 2022, 07:08 PM

পুরনো খবর:

টিসিবির সয়াবিন তেল মুদি দোকানে, জরিমানা

বুধবার উপজেলার এনায়েতপুর মুনিয়া ‍পুকুর পাড় বাজারের আবুল কালাম স্টোরের গুদাম থেকে এসব তেল জব্দ করা হয়।

এ ঘটনায় দোকানমালিক উপজেলার পূর্ব ধলই এলাকার বাসিন্দা আবুল কালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাপ্তাহিক বাজারভিত্তিক মনিটরিং এ আমরা এনায়েতপুর বাজারে যাই।

“সেখানে আবুল কালাম স্টোরে জানতে চাইলে তারা জানায় সয়াবিন তেল নেই। পরে তাদের গুদামে তল্লাশী চালিয়ে দুই ও পাঁচ লিটারের বোতলে দুই ব্র্যান্ডের টিসিবির মোট ২২৭ লিটার তেল পাওয়া যায়।”

রুহুল আমিন বলেন, “বিক্রেতার দাবি নগরীর একটি সিন্ডিকেটের লোকজনকে মোবাইলে জানালে তারা তেল দিয়ে যায়।”

টিসিবির ডিলাররা খোলা বাজারে ৮০ টাকা লিটার দরে সয়াবিন তেল বিক্রি করে। হাটহাজারীর বিভিন্ন বাজারে টিসিবির বোতলজাত এসব তেল প্রতি লিটার ১১০ টাকা দরে বিক্রি হয়।

বুধবার জব্দ করা তেলের মধ্যে দুই লিটারের ৭৬টি এবং পাঁচ লিটারের ১৫টি বোতল আছে।

এর আগে ১৯ এপ্রিল উপজেলার মীর্জাপুর ইউনিয়নের মুহুরি হাটের বিসমিল্লাহ স্টোর নামের অন্য একটি দোকান থেকে ৭০ লিটার টিসিবির তেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া মূল্য তালিকা না থাকায় বুধবারের অভিযানে এনায়েতপুর বাজারের একটি দোকানকে এক হাজার টাকা ও অন্য একটি দোকানকে পাঁচশ টাকা জরিমানা করা হয়।