টিসিবির সয়াবিন তেল মুদি দোকানে, জরিমানা
চট্টগ্রামে সরকারি প্রতিষ্ঠান টিসিবির বোতলজাত সোয়াবিন তেল বিক্রির অভিযোগে এক দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত; জব্দ করা হয়েছে ৭০ লিটার তেল।
রোববার হাটহাজারী উপজেলার মীর্জাপুর ইউনিয়নের মুহুরি হাটের বিসমিল্লাহ স্টোর নামের দোকান থেকে তেলগুলো জব্দ করা হয়।
হাটহাজারী উপজেলার ইউএনও রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর একটি সিন্ডিকেটের কাছ থেকে কেনা বোতলজাত সোয়াবিন তেল দোকানে বিক্রি করা হচ্ছিল।
“সকালে একটি দোকানে দেখা যায় বোতলের মুখ সিল করা থাকলেও স্টিকার ছাড়া তেল বিক্রি করা হচ্ছিল। তেলগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে জানতে চাইলে বিসমিল্লাহ স্টোর দেখিয়ে দেয়।”
জব্দ করা বোতলগুলোর মধ্যে চারটি পাঁচ লিটারের এবং ২৫টি দুই লিটারের বোতল বলে জানান তিনি।
সোয়াবিন তেলগুলো জব্দ করার পর দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
