ফটিকছড়িতে প্রবাসীর শিশু সন্তানকে হত্যা
চট্টগ্রামের ফটিকছড়িতে নিজেদের ঘরের পেছন থেকে চার বছর বয়সী এক শিশুর পেটকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা সাড়ে ৩টার দিকে ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাইন্দংয়ের ৭ নম্বর ওয়ার্ডের প্রবাসী দিদারুল আলমের বাড়ির পেছনের লাকড়ি রাখার ঘর থেকে তার শিশু সন্তান দিহানের লাশ উদ্ধার করা হয়।
পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল সাড়ে ১০টা থেকে শিশুটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরের দিকে ঘরের পেছনে লাকড়ি রাখার ঘরে শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ বেলা সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে। তার পেট, গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি জানিয়ে পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম বলেন, “কী জন্য এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”
