লাল টসটসে ‘চেরি’ আসলে করমচা!
রোজায় ভেজালমুক্ত খাদ্যপণ্য নিশ্চিতে মাঠে নেমে চেরি ফলের নামে রঙ মেশানো করমচা বিক্রির প্রমাণ পেয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
শনিবার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা বন্দরনগরীর বহদ্দার কাঁচাবাজার ও রিয়াজউদ্দিন বাজারে গিয়ে এই প্রতারণা ধরেন।
অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বহদ্দারহাট কাঁচাবাজারে সিরাজ সওদাগরের দোকানে ১০ কেজি নকল চেরি পাই আমরা। এগুলো আসলে কৃত্রিম রঙ দিয়ে লাল করা করমচা।”
এ অপরাধে ওই দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ১০ কেজি ‘নকল চেরি’ ধ্বংস করে অভিযান দল।
পরে নগরীর রিয়াজ উদ্দিন বাজারের হারুন স্টোরেও চেরির নামে রঙ দেওয়া চার প্যাকেট করমচা উদ্ধার করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। ওই দোকানের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
রিয়াজ উদ্দিন বাজারের মোস্তাকের মাংসের দোকানে গিয়ে অধিদপ্তরের কর্মকর্তারা গরুর মাংসে রঙ মেশানোর প্রমাণ পায়।
মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, টাটকা ও তাজা দেখাতে গরুর মাংসে রঙ মেশানোর বিষয়টি স্বীকার করেছেন বিক্রেতা। তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং রঙ মেশানো মাংসগুলো নষ্ট করা হয়।
এদিকে বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা না থাকায় বিসমিল্লাহ সেলস স্টোরকে দুই হাজার টাকা, হালিম সওদাগরের দোকানকে দুই হাজার টাকা এবং হক মার্কেটের এরশাদ ট্রেডার্সকে অননুমোদিত বিদেশি পণ্য বিক্রি করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
মূল্য তালিকা না থাকায় রিয়াজ উদ্দিন বাজারের মেসার্স খাজা, হযরত কালুশাহ স্টোর ও আর রহমান স্টোরকে চার হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
পতেঙ্গা থানার স্টিল মিল বাজারের বিসমিল্লাহ্ ব্রয়লার হাউজকে মূল্য তালিকা প্রদর্শন না করায় চার হাজার টাকা এবং আরাফাত কুলিং কর্নারকে খাদ্রদ্রব্য সরবরাহ করতে পত্রিকা ব্যবহার এবং ইফতার সামগ্রী খোলা অবস্থায় বিক্রির জন্য রাখায় চার হাজার টাকা জরিমানা করা হয়।
কোনো বিক্রেতা যদি বেশি দামে পণ্য বা ওষুধ বিক্রি করে তাহলে অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ এ ফোন করে অভিযোগ জানাতে ক্রেতাদের অনুরোধ করা হয়।
