২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রড-সিমেন্টের দোকান খোলা পেয়ে জরিমানা

সরকারি আদেশ অমান্য করে রড, সিমেন্ট, ইট-বালুর দোকান খোলা রাখায় চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2020, 09:25 PM

Updated : 18 Aug 2022, 02:53 PM

মঙ্গলবার নগরীর সিমেন’স ক্রসিং এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নগরীতে সরকারি নির্দেশ প্রতিপালন, বাজার মনিটরিং, নদীতে চলাচল সীমিত করা, আড্ডা বন্ধ করা, টিসিবি পণ্য বিক্রি মনিটরিং ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় মঙ্গলবারও যৌথ অভিযান চলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিমেন’স ক্রসিং এলাকায় শাহেন শাহ এন্টারপ্রাইজ ও এম জে ট্রেডিং নামের রড-সিমেন্ট-ইট-বালুর দুটি দোকান খোলা দেখতে পাই।

“তাদের ক্যাশ বই যাচাই করে দেখি সরকারি আদেশ না মেনে বন্ধের শুরু থেকেই তারা দোকান খোলা রেখে ব্যবসা করে আসছে। এই দোকানগুলো থেকে নির্মাণ সামগ্রি নিয়ে অনেক স্থানে নির্মাণ কাজ হয়ত চলছে।”

অপরাধ স্বীকার করায় শাহেন শাহ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা এবং এম জি ট্রেডিংকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান।

এদিকে মঙ্গলবার দিনভর যৌথ অভিযানে ৫০টি মামলায় মোট এক লাখ ১৭ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়।