মেয়র হলে চট্টগ্রামের জলাবদ্ধতার ‘স্থায়ী সমাধান করবেন’ শাহাদাত
নির্বাচিত হলে চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরিকল্পনা গ্রহণ করবেন বলে জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
শনিবার নগরীর ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্র্ড এবং ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে গণসংযোগ করেন শাহাদাত।
গোসাইলডাঙ্গা এলাকায় প্রচারণার সময় তিনি বলেন, “বর্ষা মৌসুম আসলে সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় নগরীর বেশিরভাগ এলাকা। নগরবাসীর ভোটে নির্বাচিত হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করব।
“নির্বাচিত হলে নগরবাসীর সাথে আলোচনা করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করব। নগরবাসীর জীবনযাত্রার ব্যয় কমানোর উদ্যোগ নেব।”
নির্বাচনের ‘সুষ্ঠু পরিবেশ’ এখনও নিশ্চিত হয়নি অভিযোগ করে শাহাদাত বলেন, “সরকার দলীয় মন্ত্রী ও সাংসদরা নির্বাচনী কাজে অংশ নিলেও নির্বাচন কমিশন নির্বিকার।
“ইভিএমের বিভিন্ন কারিগরি ত্রুটি থাকলেও ডিজিটাল পদ্ধতিতে ভোট চুরি করার জন্যই নির্বাচন কমিশন ইভিএমের কথা বলছে।”
তিনি বলেন, যেখানেই গণসংযোগে যাচ্ছেন জনগণের ‘ব্যাপক সাড়া’ পাচ্ছেন।
“সাধারণ মানুষের এই অগ্রযাত্রা কেউ দমিয়ে রাখতে পারবে না। নিজেদের ভোটাধিকার প্রয়োগ ও রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। পরিবারের সদস্য, বন্ধু সকলে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যাবেন। আপনাদের নাগরিক অধিকার পবিত্র আমানত ভোটাধিকার প্রয়োগ করবেন। যে কোনো অপশক্তি বাধা দিলে প্রতিরোধ গড়ে তুলবেন। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অশুভ শক্তি আমাদেরকে হারাতে পারবে না।”
নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ভোটের দিন ভোটাররা যেন ভয়ভীতি ছাড়া কেন্দ্রে আসতে পারে তার ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে।
“আমাদের দলীয় নেতাকর্মীদের সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ডা. শাহাদাত হোসেনকে বিজয়ী করতে সবাইকে ভ্যানগার্ডের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আওয়ামী সন্ত্রাসীরা যেন ভোটারদের হুমকি দিয়ে কেন্দ্রে আসতে বাধা দিতে না পারে সেজন্য নেতাকর্র্মীদের সর্তক পাহারা দিতে হবে।”
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি নাজিমুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শামসুল আলম, বিএনপি নেতা মোহাম্মদ সেকান্দর, ফয়েজুল ইসলাম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলি চৌধুরী প্রমুখ।
