মেয়র হলে থাকব সুখে-দুঃখে: রেজাউল
মেয়র নির্বাচিত হলে প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর মতো সুখে-দুঃখে জনগণের পাশে থাকতে চাওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার নগরীর ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।
রেজাউল বলেন, “অতীতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসাবে চট্টলবীর এবিএম মহিউদ্দীন চৌধুরী, বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন যে উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করছেন, সে ধারাবাহিকতায় উন্নয়নকে আরো বেগবান করার জন্য নৌকা মার্কায় ভোট দিতে হবে।
“এবিএম মহিউদ্দীন চৌধুরী যেভাবে চট্টগ্রামবাসীর পাশে ছিল, আমিও সেভাবে সুখে-দুঃখে চট্টগ্রামের জনগণের পাশে থাকতে চাই।”
নগরবাসীর উদ্দেশে রেজাউল বলেন, “শেখ হাসিনা আপনাদের সেবা করার জন্য, আমাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। আমি শেখ হাসিনার কর্মী হিসাবে আমার জীবন দিয়ে হলেও আপনাদের সেবা করে যাব।”
চট্টগ্রামকে একটি আধুনিক, পরিকল্পিত সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
“চট্টগ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা রয়েছে। নির্বাচিত হলে সকলের মতামতের ভিত্তিতে অনান্য সেবাদানকারী প্রতিষ্ঠানে সাথে আলাপ-আলোচনা করে কিভাবে জলাবদ্ধতা নিরসন করা যায়, সে লক্ষ্যে কাজ করব।”
গণসংযোগে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, “আমাদের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি নির্বাচিত হলে এ বন্দর এলাকার যে কোন সমস্যা সমাধানে পদক্ষেপ নেবেন।”
বিএনপিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। যারা মানুষকে জলন্ত আগুনে পুড়িয়ে মেরেছে, তাদের প্রতিহত করার সময় এসেছে। জনগণ আগুন সন্ত্রাসের দল বিএনপি-জামাতকে ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দিবে।”
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর কমিটির উপদেষ্টা এনামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী প্রমুখ।
