২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি ভোটে মেয়র পদে ৭, কাউন্সিলর প্রার্থী ২৬৯

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন এবং ৫৫টি কাউন্সিলর পদের জন্য ২৬৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2020, 09:18 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

রোববার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিটি মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়র পদে নয়জনের মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ  হয়েছে।

এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন ও জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ রয়েছেন।

মেয়র পদে বৈধ অপর প্রার্থীরা হলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম।

দুই স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী ও মোহাম্মদ তানজির আবেদীনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এর কারণ ব্যাখ্যা করে সকালে সহকারী রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া সমর্থনকারী ভোটারদের তথ্যে গরমিল রয়েছে।”

বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে নয়জনের মনোনয়ন বাতিল হয়েছে। ৪১টি ওয়ার্ডে ২২০ জন মনোনয়ন জমা দিয়েছিলেন।

তবে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জমা দেওয়া ৫৮ জনের সবারই মনোনয়নপত্র বৈধ হয়েছে।

এবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে লড়তে গত ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত মেয়র পদে নয়জন এবং কাউন্সিলর পদে ২৭৮ জন মনোনয়নপত্র জমা দেন।

এই সিটি করোপরেশনে ৪১টি সাধারণ ওয়ার্ডে একজন কাউন্সিলর এবং ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৪ জন কাউন্সিলর নির্বাচিত হবেন।

পুরনো খবর:

চট্টগ্রামে মেয়র পদে প্রার্থী ৯, কাউন্সিলর পদে ২৭৮
চট্টগ্রামে রেজাউল-শাহাদাতসহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ