চট্টগ্রামে রেজাউল-শাহাদাতসহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থীর মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ বলে ঘোষণা করেছেন রির্টানিং কর্মকর্তা।
রোববার সকাল ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রার্থীদের উপস্থিতিতে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীদের মনোনয়ন বাছাই শুরু হয়।
বাছাই কাজে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি ভোটের রির্টানিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান।
বাছাইয়ে আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির শাহাদাত হোসেন, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠসহ সাত মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এসময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল ও বিএনপির প্রার্থী শাহাদাত পাশাপাশি বসে ছিলেন।
সিসিসি ভোটের সহকারী রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়র পদে সাতজনের মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে। দু'জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়েছে।
দুজনেরর বাতিলের কারণ দেখিয়ে তিনি বলেন, “তাদের মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া সমর্থনকারী ভোটারদের তথ্যে গরমিল রয়েছে।”
মেয়র পদে বৈধ ঘোষিত সাত প্রার্থী হলেন- আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী, বিএনপির শাহাদাত হোসেন, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম।
মেয়রদের পর কাউন্সিলর পদের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শুরু করেন রিটার্নিং কর্মকর্তা।
সিসিসি নির্বাচনে এবার লড়তে গত ২৭ ফেব্রুয়ারি মনোনয়ন জমাদানের শেষ দিন পর্যন্ত মেয়র পদে নয় জন এবং কাউন্সিলর পদে ২৭৮ জন মনোনয়ন পত্র জমা দেন।
এরমধ্যে সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলরের ১৪টি পদে মোট ৫৮ জন এবং ৪১টি সাধারণ ওয়ার্ডে মোট ২২০ জন মনোনয়ন ফরম জমা দেন।
