২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাফিক বক্সে বিস্ফোরণে ‘নাশকতা’, ধারণা পুলিশের

চট্টগ্রামের ষোলশহরে ট্রাফিক বক্সের বিস্ফোরণটি নাশকতার উদ্দেশ্যে ঘটানো হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2020, 08:29 PM

Updated : 18 Aug 2022, 02:36 PM

শনিবার নগরীর ষোলশহর দুই নম্বর গেইটে ট্রাফিক পুলিশ বক্সের বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছে ঢাকা থেকে আসা পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের ১১ সদস্যের দল।

এর বাইরে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট, বোম ডিসপোজাল ইউনিট, নগর গোয়েন্দা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডির ক্রাইম সিন ইউনিট এ ঘটনায় কাজ করে যাচ্ছে।

এদিকে বিস্ফোরণের ঘটনায় পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা হয়েছে। ট্রাফিক পরিদর্শক অনিল চাকমা বিস্ফোরক আইনে এই মামলা করেছেন।

শুক্রবার রাতে ষোলশহর দুইনম্বর গেইট মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন।

সিএমপি কমিশনার মাহবুবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাশকতার উদ্দেশ্যেই এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। কোন পদ্ধতিতে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”  

অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম বলেন, “কিভাবে এ ঘটনা ঘটেছে আমাদের বিশেষজ্ঞ দল ও ঢাকা থেকে আসা দল পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।”

তিনি বলেন, “ঘটনাস্থল থেকে জিআই পাইপ ও মার্বেল জাতীয় পদার্থের টুকরো পাওয়া গেছে। স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।”

পুরনো খবর:

চট্টগ্রামে ট্রাফিক বক্সে বিস্ফোরণ, ২ পুলিশ আহত