ইভিএমে স্বচ্ছতার প্রমাণ চান আমীর খসরু
ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের উপর দেশের মানুষের কোনো আস্থা নেই দাবি করে নির্বাচন কমিশনকে এর ব্যবহারে স্বচ্ছতার প্রমাণ দিতে বললেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু এ মন্তব্য করেন।
নগরীর পূর্ব ষোলশহর ওয়ার্ডের বড় কবরস্থান, ইলিয়াস ব্রাদার্সের বাড়ি, কেবি আমান আলী রোড, মজিদিয়া মাদ্রাসা ও রাহাত্তালপুল এলাকায় বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের পক্ষে প্রচার চালান তিনি।
আমীর খসরু বলেন, “বিগত নির্বাচনে আওয়ামী লীগ ব্যালট পেপার চুরি করে দিনের ভোট রাতে নিয়েছিল। এ উপনির্বাচনেও ইভিএমের মাধ্যমে ভোট চুরির প্রক্রিয়া চালাচ্ছে বলে আমরা জানতে পেরেছি।
“ইভিএমের উপর বাংলাদেশের মানুষের কোনো আস্থা নেই। এবার নির্বাচন কমিশনকে ইভিএমের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”
আওয়ামী লীগ সরকার ‘ইভিএমে ভোট চুরির চেষ্টা করবে’ দাবি করে তিনি বলেন, “ইভিএম বিষয়ে যারা জ্ঞান রাখেন তারা ইতিমধ্যেই এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইভিএমএ কোনো পেপার ট্রেইল নাই।
“সেজন্য নির্বাচনের আগে ইভিএমের স্বচ্ছতা প্রমাণ করতে হবে। বিএনপির পক্ষ থেকে ইভিএম বাদ দেওয়ার জন্য বার বার বলা হয়েছে। বাংলাদেশে ইভিএমের কোনো প্রয়োজনীয়তা নেই। দেশে ব্যালট বাক্সের মাধ্যমে স্বচ্ছ ভোট আমরা যুগে যুগে দেখেছি। এই সময়ে এসে কেন ইভিএমের প্রয়োজনীয়তা দেখা দিল এটা এখন বড় প্রশ্ন।”
বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের জন্য ভোট চেয়ে আমীর খসরু বলেন, “জনগণ আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তাদের ভোটাধিকার ফিরে পাবার জন্য। তাদের মৌলিক অধিকার, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পাবার জন্য।
“এখানে জোয়ার নেমেছে ধানের শীষের পক্ষে আবু সুফিয়ানের পক্ষে। মানুষ অপেক্ষা করছে উন্মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ধানের শীষ প্রতীককে জয়ী করে খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করার জন্য।”
ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে আবু সুফিয়ান বলেন, “মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে সুষ্ঠু ভোট হবে কিনা তা নিয়ে। বিগত নির্বাচনে মানুষকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। দিনের ভোট রাতে নিয়ে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল আওয়ামী লীগ।
“এবার মানুষ সে ধরনের ভোট চায় না। নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভোট কেন্দ্রে যাবেন, সকাল থেকে আপনারা কেন্দ্রে অবস্থান করবেন, কোনোভাবেই যেন ভোট চোরেরা ভোট চুরি করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।”
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, “৩০ ডিসেম্বরের মতো নির্বাচন হলে ভোটাধিকার বঞ্চিত মানুষই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসবে।
“এ নির্বাচন আমাদের জন্য আন্দোলনেরই অংশ। নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তাই নেতাকর্মীদের দৃঢ় মনোবল নিয়ে ধানের শীষকে জয়ী করে খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তি আন্দোলন আরো বেগবান করতে হবে।”
উপ-নির্বাচনে বিএনপির প্রচারণায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি এম এ আজিজ, মো. মিয়া ভোলা, হারুণ জামান, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইসকান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু প্রমুখ।
মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য চট্টগ্রাম-৮ আসনের উপিনির্বাচনে আগামী ১৩ জানুয়ার ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছে কমিশন।
