চট্টগ্রামে ছয় ইটভাটার জরিমানা
পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালনার অপরাধে চট্টগ্রামের ছয়টি ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করেন পরিচালক মোয়াজ্জম হোসাইন।
প্রতিষ্ঠান ছয়টি হল- খাজা ব্রিকস, বার আউলিয়া ব্রিকস, আখতারিয়া ব্রিকস, এ এইচ ব্রিকস, মজিদিয়া ব্রিকস এবং আরব ব্রিকস।
অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিষ্ঠান ছয়টি পরিবেশগত ছাড়পত্র ছাড়াই তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। পরিদর্শনে এর সত্যতা মেলে। পরবর্তীতে শুনানিতে হাজির হবার নোটিস দেয়া হয়।
মঙ্গলবার শুনানি শেষে এ জরিমানা করা হয়।
জরিমানা করা ইটভাটা ছয়টিই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবস্থিত এবং প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়।
