চবির সাংবাদিকতা বিভাগের ২৫ বছর পূর্তি উদযাপন শুরু
বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রজতজয়ন্তীর দুই দিনব্যাপী অনুষ্ঠান।
বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য শিরীণ আখতার।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, “আপনাদের নিরপেক্ষ পর্যালোচনার মাধ্যমে মানুষ তথ্য জানতে পারে, শিখতে পারে এবং প্রয়োজনে সংশোধনও করতে পারে। আপনাদের কাছে বস্তুনিষ্ঠ প্রতিবেদন আশা করি।
“এখানে যারা শিক্ষার্থী তাদের কাছে আমার নিবেদন তাদের উপর নানা ঘাত-প্রতিঘাত আসতে পারে। আপনাদেরকে সাবধান হতে হবে, চোখ-কান খোলা রাখতে হবে। মানুষ কোথায় যাচ্ছে, কী করছে তার দিকে নজর রাখতে হবে।”
“বর্তমানে আমাদের মাথা পিছু আয় বেড়েছে। আমরা আশা করি, এখানে যারা তরুণ শিক্ষার্থী আছে তারা আত্মনাশী, নিজেকে ধ্বংস করার পথ থেকে, জাতিকে কলঙ্কিত করা থেকে দূরে থাকবে এবং নিজেদের বিকাশ করার পথ ধরবেন এবং জাতিকে উন্নত পথে নিয়ে যাওয়ার পথে কাজ করবেন।”
অনু্প্রেরণা পেতে দেশেই ‘রোল মডেল’ রয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, “আমরা সব বিষয়ে রোল মডেল খুঁজি। আমাদের রোল মডেল আমাদের ভূমিতে খুঁজতে হবে। আমরা স্বদেশের ঠাকুর ফেলে, বিদেশের কুকুর ধরি।
“আমাদের রোল মডেল, বিজ্ঞানী, নেতা আমাদের দেশেই আছে। আগে দেশে খুঁজব, পরে বাইরে যাব। প্রতিটি দেশ, সমাজ ও রাষ্ট্র রোল মডেল খোঁজে। রোল মডেলের প্রয়োজন আছে। কেবল অর্থনীতিতে নয়, আমাদের নেতৃত্বেও রোল মডেল খুঁজতে হবে।”
পরে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহামেদ, যোগোযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আলী আজগর চৌধুরী, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভপতি শিমুল নজরুল, সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তিন সাবেক শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। এরা হলেন-ডেইলি ফিনল্যান্ডের এডিটর-ইন-চিফ ওফিউল হাসনাত রুহিন, ১২তম দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণপদক পাওয়া সাঁতারু মাহফুজা খাতুন শীলা এবং যুক্তরাষ্ট্র প্রবাসী উদ্যোক্তা ফারাহ নাজ মুসারাত।
২৫ বছর পূর্তির দ্বিতীয় দিনের অনুষ্ঠান হবে চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে।
