২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাথরঘাটার বিস্ফোরণে আহত একজনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডের বড়ুয়া বিল্ডিংয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে আহতদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2019, 12:46 PM

Updated : 08 Apr 2022, 05:07 PM

নিহত ডরিন তৃষা গোমেজ (২৩) পাথরঘাটার সেইন্ট জোন্স গ্রামার স্কুলের সহকারী শিক্ষিকা।

১৭ নভেম্বর ওই ঘটনার সকালে তিনি বাসা থেকে বেরিয়ে রিকশায় চড়ে স্কুলে যাচ্ছিলেন।

নিহত ডরিন তৃষা গোমেজ পাথরঘাটার আশরাফ আলী রোডের মুসা কলোনির আয়শা মঞ্জিলের চতুর্থ তলার বাসিন্দা অনিল গোমেজ ও ন্যান্সি গোমেজ দম্পতির সন্তান।

বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের আইসিইউ’র ইনচার্জ ডা. মো. হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার পাজরের হাড় ভেঙে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল। ব্রেন ইনজুরি ছিল এবং কিডনিতেও ইনজুরি ছিল।”

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল ইসলাম ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে ডরিন তৃষা গোমেজ মারা যায়।

পাথরঘাটার ব্রিক ফিল্ড রোডের ওই বিস্ফোরণে ঘটনার দিন সাতজন নিহত হন। আহত হন কমপক্ষে ১০ জন। ডরিনের মৃত্যুতে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়াল।

পুরনো খবর:

পাথরঘাটায় বিস্ফোরণ গ্যাসের লিকেজ থেকে: তদন্ত কমিটি