পাথরঘাটায় বিস্ফোরণ গ্যাসের লিকেজ থেকে: তদন্ত কমিটি
চট্টগ্রামের পাথরঘাটায় যে বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়েছে, সেখানে গ্যাস লাইনে কোনো ত্রুটি ছিল না বলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি দাবি করলেও ভিন্ন কথা বলছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি।
তদন্ত কমিটির প্রধান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ জেড এম শরীফ হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “রাইজার থেকে গ্রাহকের পাইপ লাইনের অংশে লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে।”
প্রশাসন গঠিত তদন্ত কমিটি এদিন তাদের প্রতিবেদন চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন বরাবরে জমা দিয়েছে। ১৩ পৃষ্ঠার প্রতিবেদনে এ ধরনের দুর্ঘটনা নিরোধে পাঁচটি সুপারিশ করা হয়।
গত ১৭ নভেম্বর সকালে নগরীর পাথরঘাটা ব্রিকফিল্ড রোডে বড়ুয়া ভবনের নিচ তলায় বিস্ফোরণে সাতজন নিহত হন। নিহতরা সবাই ওই বাসা সংলগ্ন সড়ক দিয়ে যাওয়া পথচারী। আহত হন ওই বাসার দুজনসহ ১০ জন।
বিকট ওই বিস্ফোরণে বড়ুয়া ভবনের নিচতলার দেয়াল ও সীমানা প্রাচীর ধসে রাস্তার উপর পড়ে। বড়ুয়া বিল্ডিংয়ের আশেপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণে।
দুর্ঘটনার পরপর ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর ও পুলিশ এ দুর্ঘটনার জন্য গ্যাস লাইন লিকেজকে দায়ী করেছিল।
তবে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তারা দাবি করছিলেন, তাদের গ্যাস লাইনে কোনো ত্রুটি ছিল না।
কেজিডিসিএল চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে। ওই কমিটি ঘটনার দিন তাদের প্রতিবেদন দিয়ে একই দাবি করে।
কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খায়ের আহমেদ মজুমদার তখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আমরা গ্যাসের রাইজার, ওই বাড়ির চুলা এবং গ্যাস লাইন অক্ষত পেয়েছি। রান্নাঘরেও কোনো সমস্যা হয়নি। এ থেকে আমরা নিশ্চিত, দুর্ঘটনা গ্যাসের কারণে হয়নি।”
তবে প্রশাসনের তদন্তে ভিন্ন চিত্র উঠে এল। সিটি করপোরেশন, বিস্ফোরক অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কেজিডিসিএল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে এই তদন্ত কমিটি গঠন হয়েছিল।
তদন্ত কমিটির প্রধান শরীফ হোসেন জানান, তদন্তের সময় তারা ওই এলাকায় বেশ কয়েকবার গিয়েছিলেন এবং দুর্ঘটনায় আহত এবং আশেপাশের বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন।
তিনি বলেন, “ওই ভবনের নিচ তলায় দুটি কক্ষের বাসার বাইরে আরেকটি খালি জায়গা ছিল। ত্রুটিপূর্ণ গ্যাস রাইজারের জিআই অংশ থেকে রান্নার জন্য গ্যাস বদ্ধ শূন্যস্থানে বিপুল পরিমাণে জমা হয়ে দুই নম্বর ঘরে জমা হয়।”
ওই দুর্ঘটনায় আহত সন্ধ্যা রাণীর বরাত দিয়ে শরীফ হোসেন বলেন, সকালে পূজোর বাতি জ্বালাতে দেশলাইয়ের কাঠি থেকে বিস্ফোরণের সূচনা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাড়ির মালিক রাস্তার পাশের ঘরের সামনের অংশ সীমানা দেয়াল পর্যন্ত না বাড়ালে গ্যাস কোম্পানি কর্তৃক স্থাপিত রাইজারটি উন্মুক্ত স্থানেই থাকত, গ্যাসও আটকা পড়ত না। ত্রুটিপূর্ণ রাইজার পরের সংযোগ লাইন থেকে নিঃসৃত গ্যাস পরিবেশে ছড়িয়ে পড়ার সুযোগ পেত।
অভ্যন্তরীণ গ্যাস লাইনের ত্রুটি এবং বাড়ির মালিক কর্তৃক তৈরি কৃত্রিম শূন্যস্থানে জমে থাকা গ্যাস এ দুর্ঘটনার জন্য দায়ী বলে তদন্ত কমিটি মনে করছে।
ফাইল ছবি
৫ সুপারিশ
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ির মালিকানা বারবার পরিবর্তন হওয়ায় বড়ুয়া ভবনের নির্মাণগত ত্রুটিও রয়েছে।
তদন্ত কমিটি ভবন মালিকদের ইমারত বিধিমালা অনুসরণ এবং স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক তা নিয়মিত তদারকসহ পাঁচদফা সুপারিশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, দৃশ্যমান আইন প্রয়োগের জন্য সিডিএসহ অন্যান্য কর্তৃপক্ষকে কঠোর হতে হবে এবং অনুমোদিত নকশার বাইরে যেসব ভবন বানানো হয়েছে তা দ্রুত পরিদর্শন করে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে হবে।
কর্ণফুলী গ্যাস কোম্পানি লিমিটেডের আওতাধীন গ্যাস লাইন ও রাইজারগুলো নিয়মিত পরীক্ষা করার উদ্যোগ নেওয়ার সুপারিশও করেছে তদন্ত কমিটি।
এছাড়া লাইন থেকে গ্যাস নিঃসরণ চিহ্নিত করে সতর্কতামূলক ব্যবস্থা নিতে সচেতনতামূলক কার্যক্রম নেওয়ার সুপারিশ করা হয়েছে।
