দোকানে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার রাখায় জরিমানা
অনুমোদনের অতিরিক্ত গ্যাস সিলিন্ডার রাখায় চট্টগ্রামে এক দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে নগরীর চকবাজার ললালচান্দ রোডে অবস্থিত মেসার্স মাহাদী ট্রেডার্সের মালিক মোহাম্মদ আবু শাহেদকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধ গ্যাস সিলিন্ডার রোধে এ অভিযান চালানো হয়।
“অভিযানে দেখা যায় মাহাদী ট্রেডার্স ৪০ টি সিলিন্ডার রাখার অনুমতি নিয়ে সেখানে এক হাজার সিলিন্ডার রেখেছে। অনুমোদনের বেশি সিলিন্ডার রাখায় দোকানদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়।”
অবৈধ গ্যাস সিলিন্ডারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্প্রতি পাথরঘাটায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে সাতজন নিহত এবং নয়জন আহত হয়।
এ ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডারের বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলা হয়েছিল।
অভিযানে বিস্ফোরক অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
