পয়:নিষ্কাশন: পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চট্টগ্রাম ওয়াসার চুক্তি
প্রতিষ্ঠার ৫৬ বছর পর চট্টগ্রাম ওয়াসা নগরীর পয়:নিষ্কাশনে গৃহীত প্রথম প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে।
এই প্রকল্পে পরমার্শক হিসেবে কাজ করবে এরিনকো এসডিএন বিএইচডি মালয়েশিয়া, বিইটিএস কনসালটিং সার্ভিস লিমিটেড
বাংলাদেশ, ডেভকনসালটেন্ট লিমিটেড বাংলাদেশ এবং ইন্সটিটিউট অব ওয়াটার মডেলিং বাংলাদেশ।
শনিবার চট্টগ্রামের একটি হোটেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর করা হয়।
‘চট্টগ্রাম মহানগরীর পয়:নিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প (১ম পর্যায়)’ শিরোনামের এই প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিদিন ১০ কোটি লিটার পয়:বর্জ্য এবং ৩০০ ঘনমিটার ফিকাল স্লাজ পরিশোধন সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, “আশা করি সময়মত এবং সঠিকভাবে কাজটি শেষ হবে। কারণ সময় খুব গুরুত্বপূর্ণ। এই সুয়ারেজ প্রকল্পের কাজ যত দ্রুত হবে আমাদের কর্ণফুলী নদীসহ পরিবেশকে অনেক ক্ষতি থেকে রক্ষা করতে পারব।
“এটি ছাড়াও আরও পাঁচটা প্রকল্প (পয়: নিষ্কাশন প্রকল্পের বাকি পাঁচটি পর্যায়) নিতে হবে। প্রতিটা প্রকল্পে তিন থেকে চার হাজার কোটি টাকা খরচ। আমরা কাজ করছি ফান্ড যোগাড়ের জন্য। বিশ্ব ব্যাংকসহ ডেভেলপমেন্ট পার্টনাররা অর্থায়ন করতে চাইছে।”
২০১৩ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে চট্টগ্রাম নগরীর ড্রেনেজ ও স্যানিটেশন মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ শুরু হয়। মহাপরিকল্পনায় পুরো নগরীকে ছয়টি জোনে ভাগ করে ছয়টি পয়:শোধনাগার এবং দুটি ফিকাল স্লাজ শোধনাগার স্থাপনের সুপারিশ করা হয়।
‘চট্টগ্রাম মহানগরীর পয়:নিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প’র প্রথম পর্যায়ে ৩৮০৮ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে একটি পয়:শোধনাগার, একটি ফিকাল স্লাজ শোধনাগার, ২০০ কিলোমিটার পয়:পাইপ লাইন, ১৫টি পাম্প স্টেশন, ১৪৪ কিলোমিটার সার্ভিস লাইন এবং ৭২ হাজার ৫০২টি বাড়ির সংযোগ নির্মাণ করা হবে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন, এরিনকো এসডিএন বিএইচডি মালয়েশিয়ার চেয়ারম্যান দাতুক আইআর আহমেদ জায়েদ লিদিন, প্রকল্প পরিচালক আরিফুল ইসলাম।
ঢাকা উত্তরের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে এ মাসেই বিদেশি আসবে বলে জানান মন্ত্রী তাজুল ইসলাম।
তিনি বলেন, “দায়িত্ব নেওয়ার পর আমি কনটেম্পরারি নো হাউ খুঁজে নেওয়ার চেষ্টা করেছি। ঢাকা উত্তর দিয়ে আমরা শুরু করছি। উই উইল বার্ন দ্য অল ওয়েস্ট অ্যান্ড জেনারেট ইলেকট্রিসিটি। মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে অনুমোদন নিয়েছি এ কনসেপটটা । ইতিমধ্যে ১৭টা কোম্পানি আবেদন করেছে।
“আশা করি এ মাসের মধ্যে কোনো বিদেশি বিনোয়গকারীকে দিতে পারব। আমরা তাদেরকে বর্জ্য দেব, বিদ্যুৎ উৎপাদন করে তারা আমাদের কাছে বিক্রি করবে। সেই বিদ্যুৎ থেকে তারা তাদের টাকা উঠিয়ে নেবে। টেকনোলজি তাদের, আমরা জমি দেব এবং বর্জ্যটা পৌঁছে দিব। অত্যন্ত সফলভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে আরও কিছু প্রযুক্তি নিয়ে আমরা ভাবছি।”
মেয়রদের উদ্দেশে তিনি বলেন, “চট্টগ্রামের উন্নয়নে অনেক বরাদ্দ দেওয়া আছে। এখানও অনেক জায়গায় পানি অনেক বেশি হয়ে যায়। সেগুলো ম্যানেজ করার জন্য পানি উন্নয়ন বোর্ড ১৭০০ কোটি টাকা ব্যয়ে একটা প্রকল্প করবে। এছাড়া সিডিএকেও বেশ কিছু প্রকল্প দেওয়া হয়েছে। আপনারা আমার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। আমি সহযোগিতা করতে এগিয়ে আছি।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ বলেন, ২০২৩ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হলে নগরীর মোট পয়:বর্জ্যের ১৯ ভাগ এবং ফিকাল স্লাজের ৪১ ভাগ পরিশোধ সম্ভব হবে।
অনুষ্ঠানে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, “সুপেয় পানির ব্যবস্থা করতে পাইপলাইন স্থাপনে ওয়াসা খোঁড়াখুঁড়ি করায় নগরবাসীকে ভোগান্তি সহ্য করতে হয়েছে। তখন আমি ওয়াসার পাশে ছিলাম। বলেছি- পানি পেতে হলে ভোগান্তি মেনে নিতে হবে। তা না হলে, প্রকল্পগুলো বন্ধ করে দিতে হবে।
“এই প্রকল্পেও ভোগান্তি হবে। ওয়াসা ও মন্ত্রণালয়ের পাশে থাকব নগরবাসীর স্বার্থে। নগরবাসী এতে সক্রিয় অংশগ্রহণ না করলে সঠিকভাবে বাস্তবায়ন করা যাবে না।”
নগরীর হালিশহর এলাকায় প্রায় ১৬৫ একর জমিতে প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ের অধীনে নগরীর প্রায় ৩৫ বর্গ কিলোমিটার এলাকায় অর্থাৎ উত্তর হালিশহর, নয়াবাজার, রামপুর, পাহাড়তলি, আমবাগান, লালখান বাজার, আসকার দিঘীর পাড়, কোতোয়ালী, ফিরিঙ্গিবাজার, সদরঘাট, দক্ষিণ আগ্রাবাদ ও সল্টগোলা ক্রসিং এবং সংলগ্ন এলাকায় পয়:নিষ্কাশন ব্যবস্থার আওতায় আসবে।
পাশাপাশি নগরীর প্রায় অর্ধেক এলাকার বসতবাড়িতে উৎপাদিত সেপটিক স্লাজ সংগ্রহ ও পরিশোধনের ব্যবস্থা করা সম্ভব হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
১৯৬৩ সালে চট্টগ্রাম ওয়াসা প্রতিষ্ঠার পর এই প্রথম নগরীর পয়:বর্জ্য নিষ্কাকশনের উদ্যোগ নেওয়া হল।
