বাসে ১৯ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার
কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৯ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
শনিবার শাহ আমানত সেতু এলাকায় ‘সৌদিয়া পরিবহনের’ বাসে তল্লাশী চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়েছে বলে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন জানিয়েছেন।
ইয়াবা উদ্ধারের ঘটনায় বাসচালক মো. ইউনুসকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে।
এএসপি মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউনুস বিভিন্ন সময়ে বাসে করে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসেন চট্টগ্রামে।
“শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসটিকে থামার সংকেত দেওয়া হয়। এসময় চালক বাসটি চেক পোস্টের সামনে দাঁড় করিয়ে কৌশলে নেমে পালানোর চেষ্টা করে।”
র্যাব সদস্যরা চালক ইউনুসকে আটক করে বাসে তার দেখানো স্থান থেকে ১৯ হাজার ১১৫টি ইয়াবা জব্দ করে বলে জানান এএসপি মাহমুদুল।
চালক ইউনুসের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
